Published : 20 Jul 2026, 12:01 PM
নিজের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি লিওনেল মেসি। অধিনায়ক কী করবেন তা জানা নেই কোচ লিওনেল স্কালোনিরও। তবে তিনি নিশ্চিত, যত দিন চাইবেন তত দিন দেশের হয়ে খেলা চালিয়ে যেতে পারবেন মেসি।
শিরোপা ধরে রাখার অভিযানে ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তিনটি ফাইনালে খেলা মেসি এই ম্যাচে ছিলেন নিজের ছায়া হয়ে।
চোখে জল নিয়ে মাঠ ছাড়া মেসি অবশ্য আসরজুড়ে উপহার দিয়েছেন দারুণ ফুটবল। আট গোল করেছেন তিনি, সঙ্গে অ্যাসিস্ট চারটি।
ক্লাবের হয়ে সম্ভাব্য প্রায় সব শিরোপা জিতেছেন মেসি। দেশের হয়ে. জিতেছেন দুটি কোপা ও একটি বিশ্বকাপ। পরের বড় টুর্নামেন্ট কোপা আমেরিকা হবে ২০২৮ সালে, বিশ্বকাপের বাকি আরও চার বছর।
এবারের আসরে নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিটি মিনিট খেলেছেন মেসি। ভবিষ্যত নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্কালোনি বললেন, এই আসরে অধিনায়কের পারফরম্যান্স “অবিশ্বাস্য।”
“তার বয়স এখন ৩৯। আমার কাছে এটা খুবই পরিষ্কার যে, যত দিন সে চাইবে তত দিন সে খেলে যাবে।
“আশা করি, সবাই তার অর্জনের জন্য তাকে নিয়ে গর্বিত হবে। কারণ, সে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। এটা নিয়ে আমার কোনো সংশয় নেই। এই বিশ্বকাপে সে যা করেছে তা অবিশ্বাস্য। অবশ্য এর আগেও সে এমন করেছে।”