Published : 06 Jul 2026, 04:42 PM
ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপে লম্বা সময় জোড়া গোল করতে পারেননি কেউ। শেষ ষোলোয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারানোর ম্যাচে সেই স্বাদ পেয়েছেন আর্লিং হলান্ড। শুধু তাই নয়, রেকর্ডের আরও কয়েকটি পাতায় নাম লিখিয়েছেন নরওয়ের তারকা স্ট্রাইকার।
ব্রাজিল-নরওয়ে ম্যাচের এমন আরও কিছু পরিসংখ্যান নিচে তুলে ধরা হলো-
০/৫
৯১টি দেশের বিপক্ষে ম্যাচ খেলা ব্রাজিল শুধুমাত্র নরওয়ের বিপক্ষেই কোনো জয় পায়নি। দলটির বিপক্ষে পাঁচ ম্যাচ খেলে তিনটি হেরেছে, ড্র করেছে দুইবার।
৩
বিশ্বকাপের এবারের আসরে তৃতীয়বার ম্যাচে একাধিক গোল করলেন আর্লিং হলান্ড। শুধুমাত্র জুস্ত ফঁতেন (১৯৫৮) ও সান্দর কোচিশ (১৯৫৪) বিশ্বকাপের এক আসরে তার চেয়ে বেশি ম্যাচে একাধিক গোল করেছেন। তার দুজন চার ম্যাচে পেয়েছিলেন একাধিক গোল।
টনি ক্রুস ও আন্দ্রে শুরলের পর বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করা প্রথম ফুটবলার হলান্ড। ২০১৪ বিশ্বকাপের সেমি-ফাইনালে ব্রাজিলকে ৭-১ ব্যবধানে হারানোর ম্যাচে জোড়া গোল করেছিলেন ক্রুস ও শুরলে।
৪
চতুর্থ ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে চারটি বা তার বেশি ম্যাচে দলকে জেতানো গোল করলেন হলান্ড। সবচেয়ে বেশি পাঁচটি ম্যাচে এই কাজ করেছেন জেগোশ লাতো। চারটি ম্যাচে দলকে জেতানো গোল করতে পেরেছেন সালভাতোরে শিল্লাচি ও গার্ড মুলার।
৭
বিশ্বকাপে হলান্ডের গোল সংখ্যা এখন ৭। এবারের আসরে এখন পর্যন্ত তার সমান গোল করেছেন কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসি। এবারই প্রথম এক আসরে তিনজন ভিন্ন ফুটবলার ৭ বা তার চেয়ে বেশি গোল করেছেন।
৭
নিজের প্রথম বিশ্বকাপ খেলতে এসে ৭ গোল করেছেন আর্লিং হলান্ড। এর আগে ১৯৭৪ বিশ্বকাপে পোল্যান্ডের হয়ে সমান সংখ্যক গোল করেন জেগোশ লাতো। হলান্ডের গোল সংখ্যা লিওনেল মেসি (১), কিলিয়ান এমবাপে (৪) ও ক্রিশ্চিয়ানো রোনালদোর (১) অভিষেক আসরে করা সম্মিলিত গোলের চেয়ে বেশি।
২
৬ষ্ঠ ফুটবলার হিসেবে শুরুর একাদশে না থেকেও দুইটি অ্যাসিস্ট করেছেন নরওয়ের আন্দ্রেয়াস শেলদেরিপ। আর নকআউট ম্যাচে দুটি অ্যাসিস্ট করা দ্বিতীয় ফুটবলার তিনি। এবারের আসরে ডিআর কঙ্গোর বিপক্ষে দুটি অ্যাসিস্ট করেছিলেন ইংল্যান্ডের অ্যান্থনি গর্ডন।
২
পেলের পর ব্রাজিলের দ্বিতীয় ফুটবলার হিসেবে চারটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন নেইমার।
৬/৬
২০০২ বিশ্বকাপের ফাইনালে জার্মানিকে হারানোর পর টানা ছয় বিশ্বকাপে নক আউট পর্ব থেকে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। প্রতিবারই হেরেছে কোনো না কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে।
৩/৫
নরওয়ে বিশ্বকাপের নকআউট পর্বে পাঁচ গোল করেছে। যার তিনটিই এসেছে আর্লিং হলান্ডের পা থেকে।
১৪
হলান্ড এবারের বিশ্বকাপে গড়ে প্রতি ১৪ স্পর্শে একটি গোল করেছেন। গত ৬০ বছরে বিশ্বকাপের এক আসরে তিনটির বেশি গোল করা ফুটবলারদের মধ্যে যা সর্বনিম্ন।
১০
বিশ্বকাপে টানা ১০টি পেনাল্টি থেকে গোল করেছিল ব্রাজিল। দলটির স্পট কিক থেকে টানা গোলের সেই রেকর্ড ভেঙেছেন ব্রুনো গিমারাইস।
২৮
নরওয়ের বিপক্ষে এই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ২০৩০ সালে গিয়ে বিশ্বকাপ খরা দাঁড়াবে ২৮ বছরে। ১৯৫৮ সালে প্রথম বিশ্বকাপ জয়ের পর এটাই তাদের সবচেয়ে বেশি সময় বিশ্বকাপ জিততে না পারার রেকর্ড। আর ১৯৯০ সালের পর এবারই প্রথম কোয়ার্টার-ফাইনালে উঠতে ব্যর্থ দলটি।
৩৪%
নরওয়ের বিপক্ষে মাত্র ৩৪ শতাংশ সময় বল ধরে রেখেছিল ব্রাজিল। তাদের বিশ্বকাপ ইতিহাসে এটাই সবচেয়ে কম সময় বল ধরে রাখার রেকর্ড।
৩৯%
আর্লিং হলান্ড মাত্র ১৮ শটে ৭ গোল করেছেন। তার কনভার্সন রেট ৩৯ শতাংশ। ১৯৮৬ বিশ্বকাপে গ্যারি লিনেকারের (৪০ শতাংশ) পর ১৫ বা তার চেয়ে বেশি শট নেওয়া ফুটবলারদের মধ্যে এটাই সবচেয়ে ভালো।