Published : 08 Jun 2026, 06:36 PM
স্পেন দলের অনুশীলনে সতীর্থ মিডফিল্ডার রদ্রিকে গাভির কড়া ট্যাকলের একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। বিশ্বকাপের আগে এই ঘটনা নিয়ে সমালোচনার মুখে পড়া গাভির পাশে দাঁড়িয়েছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
যুক্তরাষ্ট্রের টেনেসিতে বিশ্বকাপের জন্য স্পেনের বেইস ক্যাম্পে রোববারের ঘটনা এটি। অনুশীলনে বল দখলের চেষ্টার সময় রদ্রির পা মাড়িয়ে দেন ২১ বছর বয়সী গাভি। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠে পড়ে যান ব্যালন দর’ জয়ী ফুটবলার। গাভি নিজে ও অন্য সতীর্থরা তাকে উঠে দাঁড়াতে সাহায্য করেন। এগিয়ে এসে রদ্রির পিঠ চাপড়ে দেন কোচ দে লা ফুয়েন্তেও।
ঘটনাটি গণমাধ্যম ও অনলাইনে কিছুটা সমালোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ বার্সেলোনা তারকা গাভিকে দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য অভিযুক্ত করছেন।
তবে ওই ঘটনাকে স্বাভাবিকভাবেই দেখছেন দে লা ফুয়েন্তে। পেরুর বিপক্ষে বিশ্বকাপের শেষ প্রস্তুতিমূলক ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্পেন কোচ বলেন, “এটাই ফুটবল।”
“এটা অনুশীলন। খেলোয়াড়রা খুবই প্রতিশ্রুতিবদ্ধ এবং কারো কাছে কাউকে ক্ষমা চাইতে হবে না। সবকিছু ঠিক আছে। আমরা গাভিকে চিনি, তার মধ্যে সেই প্রাণশক্তি, সেই তাড়না আছে। এটা তার একটা গুণ। তাকে এটা নিয়ন্ত্রণ ও পরিমিতভাবে ব্যবহার করতে হবে। তবে আমি এই গাভিকেই চাই।”