Published : 03 Jul 2026, 10:03 PM
ক্যারিয়ারের পড়ন্ত বেলাতেও ফুটবলের আঙিনায় নতুন নতুন ইতিহাসের জন্ম দিয়ে চলেছেন লিওনেল মেসি। সাবেক এই সতীর্থকে দেখে প্রতিনিয়তই বিস্মিত হন আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড কার্লোস তেভেস। তার মতে, বল পায়ে রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ীর কাছে সবসময়ই বলার জন্য নতুন গল্প থাকে।
চলতি বিশ্বকাপের মাঝে ৩৯তম জন্মদিন পালন করেছেন মেসি। আসরে প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে তিনি উপহার দেন হ্যাটট্রিক, বিশ্বকাপে যা তার প্রথম হ্যাটট্রিক। পরের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেন এই ফুটবল জাদুকর।
জর্ডানের বিপক্ষে আরও একটি গোল করে গোলসংখ্যা নিয়ে যান ১৯-এ। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার অনন্য কীর্তিও গড়েন তিনি।
বর্তমান চ্যাম্পিয়নদের নকআউট পর্বে তোলার পেছনে প্রধান চালিকাশক্তি মেসিই। দলের আট গোলের ছয়টিই করেছেন তিনি। গোল্ডেন বুটের লড়াইয়ে ছুটছেন দুর্বার গতিতে।
ইএসপিএনকে ৪২ বছর বয়সী তেভেস বললেন, শুধু আর্জেন্টাইনরাই নয়, পুরো বিশ্বই মেতে আছে মেসিকে নিয়ে।
“আমরা- বিশেষ করে আমি ও আমার সতীর্থ খেলোয়াড়রা (মেসিকে) দেখে সবসময়ই বিস্মিত হই। মনে হয়, তার কাছে বলার জন্য সবসময়ই আরও একটি গল্প থাকে। যদিও সে এতদূর এসেছে, তবুও সে সবসময় আমাদের আরও একটু বেশি দেয়।
“কিন্তু দেখুন, আমরা আর্জেন্টাইনরা অন্য সবার মতোই এটা উপভোগ করছি, কারণ শুধু আর্জেন্টাইনরাই লিওকে নিয়ে মেতে নেই, পুরো বিশ্বই তাকে নিয়ে মেতে আছে।”
আর্জেন্টাইনদের জন্য মেসি কতটা সৌভাগ্যের, সেটাও বললেন দেশের হয়ে ৭৬ ম্যাচ খেলা তেভেস।
“আমরা আর্জেন্টাইনরা প্রথমে মারাদোনা, তারপর লিও মেসিকে পেয়ে নিজেদের ভাগ্যবান মনে করি। পেলে ও অন্যান্য অনেক সুপারস্টার যেমন আপনাদের বা ব্রাজিলের জন্য, ঠিক তেমনি আমাদের জন্য মারাদোনা ও মেসি অনন্য।”
মেসির কাঁধে ভর করেই ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে কাতার বিশ্বকাপে তৃতীয়বারের মতো বিশ্ব সেরার ট্রফি জয় করে আর্জেন্টিনা। তেভেসের বিশ্বাস, সে কারণে এবারও আর্জেন্টিনা সুবিধাজনক অবস্থানে আছে।
“দলটি বেশ কিছুটা সময় ধরেই খুব শক্তিশালী। আমার মনে হয়, জাতীয় দলে যোগ দেওয়া নতুন খেলোয়াড়রা খুব দ্রুত মানিয়ে নিচ্ছে। ফলে তারা বড় সুবিধা পাচ্ছে, কারণ দলটি গত বিশ্বকাপ এবং গত দুটি কোপা আমেরিকা টুর্নামেন্টও জিতেছে। আশা করি, তারা এটা কাজে লাগাতে পারবে।”
শেষ বত্রিশে বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় নবাগত কেইপ ভার্ডের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।