Published : 15 Jun 2026, 01:57 PM
দল ঘোষণার অনেক আগেই বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল রদ্রিগোর। আততায়ী চোটের হানায় তিনি মাঠের বাইরে আছেন লম্বা সময়ের জন্য। বিশ্বকাপে খেলতে না পারার মানসিক প্রস্তুতিও ছিল আগে থেকেই। তবু দল যখন নামল মাঠে, স্টেডিয়ামে বেজে উঠল জাতীয় সংগীত, তার বুকের ভেতরে উঠল হাহাকারের ঝড়। ওই মুহূর্তে কান্না সামলাতে কষ্ট হচ্ছিল, বললেন রেয়াল মাদ্রিদের উইঙ্গার।
গত ২ মার্চ লা লিগায় গেতাফের বিপক্ষে ম্যাচে এসিএল ছিঁড়ে যায় রদ্রিগোর। সময়ই কেবল বলতে পারবে কবে মাঠে ফিরতে পারবেন ২৫ বছর বয়সী উইঙ্গার।
খেলতে না পারলেও বিশ্বকাপে আছেন তিনি। ব্রাজিলের প্রথম ম্যাচেও ছিলেন মাঠে। ইএসপিএনকে এই তারকা জানালেন, গত কিছুদিনে যেভাবে নিজেকে সামলে নিচ্ছিলেন, সব বাঁধ ভেঙে যায় খেলা শুরুর আগে।
“অবশ্যই আমি এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে চাইনি। দলের সঙ্গে থাকতে চেয়েছিলাম, ট্রেনিং ক্যাম্পে থাকতে চেয়েছিলাম, চোট নিয়ে ভুগতে চাইনি। কিন্তু কী আর করার। এখন আমি নতুন কিছু করার সুযোগও পাচ্ছি।”
“গতকাল (শনিবার) যখন জাতীয় সংগীত বাজতে শুরু করল, তখনই ব্যাপারটা আমাকে প্রবলরকম নাড়িয়ে দিল। আমার কান্না পাচ্ছিল কারণ, তখন তো সতীর্থদের সঙ্গে মাঠে থাকার কথা আমার।”
মরক্কোর বিপক্ষে ম্যাচটিতে প্রত্যাশিত ফলাফল পায়নি ব্রাজিল। তবে শুরুতেই মুষড়ে পড়ার কারণ দেখেন না রদ্রিগো। গত বিশ্বকাপে খেলা এই তারকা বললেন, এখনও অনেক কিছু করার আছে দলের।
“উভয় দলের মান বিবেচনা করলে, এটি ভালো ফলাফল ছিল।”
“এখন কাজ চালিয়ে যাওয়ার পালা। এটা ছিল কেবল উদ্বোধনী ম্যাচ এবং এখনও অনেক পথ বাকি। ড্র হয়েছে বলেই যে সবকিছু ভুল হয়ে গেছে, তা নয়। ঠিক যেমন আমরা জিতলেও সবকিছু নিখুঁত হতো না। অনেক কিছু এখনও বাকি।”
ঘুরে দাঁড়ানোর অযিানে রদ্রিগো ভরসা রাখছেন কোচ কার্লো আনচেলত্তির ওপরও। রেয়াল মাদ্রিদে দীর্ঘদিন এই কোচকে কাছ থেকে দেখেছেন তিনি, খুব ভালো করেই জানেন কোচের ধরন।
দল প্রত্যাশিত পারফরম্যান্স না করলে ইতালিয়ান এই কোচ আরও বেশি করে দলের পাশে থাকেন বলে জানালেন রদ্রিগো।
“আমি নিশ্চিত যে তিনি দলের সবাইকে আশ্বস্ত করেছেন এবং ওদেরকে অনেক আত্মবিশ্বাস জুগিয়েছেন।”
“তিনি এমনই। হয়তো দল জিতলে তিনি ওদের প্রতি আরও কঠোর হতেন। কিন্তু যেহেতু আমরা জিতিনি, তাই তিনি ওদেরকে রসা জোগানোর পথ বেছে নিয়েছেন, এটা দেখাতে যে তিনি সবার পাশে আছেন এবং ওদের ওপর তার আস্থা রাখছেন।”
ব্রাজিলের পরের ম্যাচ হাইতির বিপক্ষে, বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে।