Published : 10 Jun 2026, 04:07 PM
জয় দিয়ে শেষ বিশ্বকাপ প্রস্তুতি। এখন মাঠের লড়াই শুরুর অপেক্ষা। আর্জেন্টিনার লক্ষ্য তো জানাই-শিরোপা ধরে রাখা। আইসল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষের পর, অধিনায়ক লিওনেল মেসির দলের প্রতি বার্তা- ‘চলো ছুটি, আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে।’
সাম্প্রতিক সময়ে দুরন্ত গতিতেই ছুটছে আর্জেন্টিনা। আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে দুর্বার দলকেই দেখা গেছে। ৩-০ গোলে জেতা ম্যাচে মেসি নামেন ৬৯তম মিনিটে। তিন মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান করেন দ্বিগুণ। তার আগে ভালেন্তিন বার্কো এগিয়ে নিয়েছিলেন আর্জেন্টিনাকে। দলের জয়ে শেষ গোলটি করেন থিয়াগো আলমাদা।
কিছুটা অস্বস্তি নিয়েই আইল্যান্ডের বিপক্ষে খেলতে নামেন মেসি। তবে, ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় রেকর্ড ব্যালন দ’র জয়ী আর্জেন্টাইন সমর্থকদের দিলেন স্বস্তির খবর। বললেন, মাঠে থাকা সময়টুকু উপভোগ করেছেন তিনি।
“শুরু থেকেই আমি এটা উপভোগ করেছিলাম। বেশ কিছু দিন ধরেই খেলার জন্য ভীষণ উদগ্রীব ছিলাম, যেহেতু এখানে আসার পর থেকেই অস্বস্তির সঙ্গে আমাকে লড়তে হচ্ছিল। আমি খুশি, প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি এবং বরাবরের মতোই রোমাঞ্চিত।”
“দারুণ উপভোগ করছিলাম। অস্বস্তি থাকলে যে ভয়টুকু থাকে, তা ঝেড়ে ফেলে মুক্তভাবে খেলার জন্য মাঠে নামতে মুখিয়ে ছিলাম। এখনও আমাদের হাতে আরও এক সপ্তাহ সময় আছে, সবাইকে ফিট করে তুলে বিশ্বকাপ অভিযান শুরুর জন্য।”
আগামী মঙ্গলবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মুকুট ধরে রাখার পথে যাত্রা শুরু করবে প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ সালে প্রথম এই শিরোপার স্বাদ পেয়েছেন মেসি।
উত্তর আমেরিকা আসরে ফেভারিট দলগুলোর একটি আর্জেন্টিনা। টানা সাত ম্যাচ জিতে, আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে বিশ্বকাপ শুরু করবে তারা। মেসি অবশ্য জানালেন, বিগত সময়ের প্রাপ্তিতে জয়ের ক্ষুধা তাদের কমবে না একটুও।
“বরাবরের মতোই, যখন একটা প্রতিযোগিতা শুরু হয়, বিশেষ করে বিশ্বকাপ, আমরা রোমাঞ্চিত থাকি। আমি এটা অনেকবারই বলেছি, এই দলটা আমাদের হতাশ করবে না এবং এটা তারা এ বছর দেখিয়েছে। যেকোনো প্রতিপক্ষের সঙ্গে, যে কোনো প্রতিযোগিতার লড়াইয়ে তারা দেখিয়ে চলেছে, প্রতিদ্বন্দ্বিতার জন্য তাদের আকাঙ্ক্ষা ও উদ্দীপনা আগের মতোই। এটি একটি জয়ী দল এবং সবসময় আরও জিততে চায়। আমরা বরাবরের মতোই, ধাপে ধাপে এগুবো এবং তীব্র আকাঙক্ষা, উদ্দীপনা ও নিজেদের সামর্থ্যের উপর দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে যাব।”
“এই দলটা যা পেয়েছে, সেটা তাদের প্রাপ্য। আমরা চেষ্টা করব, যেমনটা সবসময় করে এসেছি। মানুষ নিশ্চিত থাকতে পারে, আমরা নিজেদের সবটুকু নিংড়ে দেব, যেটা আমরা সবাই এতদিন করে এসেছি। যতদিন এই দলের সঙ্গে আছি, ততদিন ঠিক যেমনটা আমরা সবাই করে এসেছি, তেমনটাই করব। কখনও এটা কাজ করে, কখনও করে না, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ইতিবাচক ফল পাওয়ার ক্ষেত্রে আমরা ভাগ্যকে পাশে পেয়েছিলাম। এটা কঠিন এবং প্রতিবারই এটা আরও কঠিন হয়ে ওঠে, কিন্তু আমরা এর সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি এবং অন্যদেরও অভ্যস্ত করে তুলেছি। আমরা সাফল্যের পুনরাবৃত্তির চেষ্টা করব। সেটা ঘটুক বা না ঘটুক, এটাই ফুটবল। তবে কোনো সন্দেহ নেই, প্রতিপক্ষের জন্য আমাদের হারানো কঠিন হবে, কেননা, আমরা ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল।”
দলের প্রতি এই অটুট আস্থা, বিশ্বাস, বিশ্বকাপ নিয়ে মেসির তীব্র আকাঙ্ক্ষা-সবটাই ফুটে উঠেছে তার ইনস্টাগ্রাম পোস্টেও। আইসল্যান্ড ম্যাচের বেশ কয়েকটা ছবি পোস্ট করে, সতীর্থদের উদ্দেশে ছোট বার্তায় প্রত্যাশা জানিয়ে রেখেছেন এই জাদুকর।
“চলো ছুটি, আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে।”
‘জে’ গ্রুপে আর্জেন্টিনার অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।