০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জ থেকে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ মিলল মাদারীপুরে

এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী দুই যুবককে আটক করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2026, 09:29 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা থেকে নিখোঁজ এক ইজিবাইক চালকের লাশ মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।

নিখোঁজের চার দিন পর বুধবার বিকালে উপজেলার কবিরাজপুর ইউনিয়নের পন্থাপাড়া কাটাখাল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন।

নিহত শহিদুল মাতুব্বর (৪৫) মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের প্রয়াত আ. ছালাম মাতুব্বরের ছেলে।

আটকরা হলেন- শহিদুলের প্রতিবেশী কমলাপুর গ্রামের প্রয়াত আবু শেখের ছেলে নূর হোসেন শেখ মাইকেল (৩৫) এবং একই গ্রামের কাশেম শেখের ছেলে পলাশ শেখকে (৩৪)। 

ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, মঙ্গলবার শহিদুলের ছিনতাই হওয়া ইজিবাইকটি উপজেলার সিন্দয়া ঘাট থেকে উদ্ধার করা হয়। পরে সকালে মাইকেল ও পলাশকে আটক করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শহিদুলের লাশ উদ্ধার করা হয়।

শহিদুলের ছোট ভাই শাহিদুল মাতুব্বর বলেন, “আমার বড় ভাই ইজিবাইক চালিয়ে সংসার চালায়।  শনিবার সকাল ১০টার দিকে তিনি ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফিরে আসেনি। পরে বিভিন্ন জায়গায় খোঁজা নিয়েও তাকে আমরা পাইনি।

“পরদিন পরিবারের পক্ষ থেকে মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ইজিবাইক ছিনিয়ে নিয়ে ভাইকে হত্যা করা হয় বলে ধারণা করছি। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।