Published : 08 Jul 2026, 12:52 PM
বিশ্বকাপ জয়ের পরও এই চেহারায় দেখা যায়নি লিওনেল স্কালোনিকে। বিশ্বকাপ, কোপা আমেরিকায় ভীষণ স্নায়ু চাপের ম্যাচ কিংবা টাইব্রেকারে জয়ের পরও আবেগের ঢেউ বোঝা যায়নি তেমন একটা। কিন্তু মিশরের বিপক্ষে সম্পূর্ণ ভিন্ন চেহারার এক স্কালোনিকে দেখা গেল। লিওনেল মেসিসহ দলের আরও অনেকের মতো তার চোখেও ছিল জল। আবেগাপ্লুত হয়ে পড়লেও, দলের ওপর কখনও আস্থা হারাননি কোচ। জয় নিয়ে মাঠ ছাড়বেন, বিশ্বাস ছিল তার।
আটলান্টায় ৭ জুলাই শেষ ষোলোর ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। হারের শঙ্কা তখন উঁকি দিচ্ছিল অনেকের মনেই। কিন্তু শেষের আগে তো হার মানতে নারাজ এই দলটি। ১৩ মিনিট ১৫ সেকেন্ডে তিন গোল করে জয়ের আনন্দে মাতে বিশ্ব চ্যাম্পিয়নরা।
বিদায়ের দুয়ার থেকে এভাবে ফিরে এসে আনন্দাশ্রু ঝরে মেসিসহ আর্জেন্টিনার আরও অনেকের চোখ থেকে। স্কালোনি তো নিজেকে সবার চেয়ে একটু বেশিই আবেগি মনে করেন। আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডারের মতে, এমন আবেগ-উচ্ছ্বাসের স্বাদ পেতেই বোধহয় পরে কোচ হন খেলোয়াড়রা।
“আমি সবসময় আবেগাপ্লুত হয়ে যাই। মাঝে মধ্যে চোখে পানি চলে আসে। ড্রেসিং রুমেও কেঁদেছি। ছেলেরা আমাকে ‘দা ক্রাই বেবি’ বলে ডাকে, তবে এতে আমার কিছু যায় আসে না।
“আমরা যারা ২০ বছর ফুটবল খেলেছি, তাদের জন্য আজকের মতো অনুভূতি আবার পাওয়া অবিশ্বাস্য। আমার মনে হয়, বেশিরভাগ কোচই যারা ফুটবল খেলেছে তারা কোচ হন এমন দিনের সাক্ষী হওয়ার জন্য, এই ধরনের আবেগ-উচ্ছ্বাসের স্বাদ পাওয়ার জন্য এবং এমন রোমাঞ্চ-উত্তেজনা অনুভব করার জন্য।”
মিশরের বিপক্ষে নির্ধারিত সময়ের শেষে ১২ মিনিট আগে দুই গোলে পিছিয়ে থাকলেও, ম্যাচ হারের ভাবনা কখনও আসেনি স্কালোনির মনে।
“আমার সবসময়ই মনে হয়েছে, ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণেই আছে। ফলাফল যা-ই হোক, আমার মনে হয় না দল খারাপ খেলেছে। আমরা সুযোগ তৈরি করছিলাম।”
মিশরের বিপক্ষে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা, এখানে দলের উন্নতির স্পষ্ট ছাপ দেখছেন স্কালোনি। শেষ বত্রিশে কেইপ ভার্ডের বিপক্ষে ১২০ মিনিট খেলে ৩-২ গোলে জেতা ম্যাচের চেয়ে শেষ ষোলোয় ভালো খেলেছে দল, মনে হচ্ছে তার।
“কেইপ ভার্ডের বিপক্ষে ম্যাচটির পরিস্থিতি আরও বেশি খারাপ ছিল, আমরা সত্যিই বিপদে পড়েছিলাম। আজকে যখন ২-০ গোলে পিছিয়ে ছিলাম, তখনও মনে হচ্ছিল, একটা পর্যায়ে আমরা সুযোগ পাব এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারব। আজকে আমরা পুরোপুরি ভিন্ন ধরের ফুটবল খেলেছি।”
কোয়ার্টার-ফাইনালে আগামী ১২ জুলাই বাংলাদেশ সময় ৭টায় (এএম) সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দুই দলের লড়াই হবে ক্যানসাস সিটিতে।