Published : 27 Jun 2026, 08:26 PM
নানা রোমাঞ্চকর ধাপ পেরিয়ে শেষ হয়েছে গ্রুপ পর্বের দুই রাউন্ডের খেলা। জমে উঠেছে নকআউট পর্বে ওঠার লড়াই। শেষ রাউন্ডের আগে তাই দেখে নেওয়া যাক, কোন দলের কী অবস্থান, তাদের টিকে থাকার সম্ভাবনাই বা কতটা।
গ্রুপ ‘জে’: শেষ রাউন্ডে একই সময়ে মুখোমুখি হবে আলজেরিয়া ও অস্ট্রিয়া এবং জর্ডান ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রোববার সকাল ৮টায় শুরু হবে ম্যাচ দুটি।
আর্জেন্টিনা: আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর, অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
অস্ট্রিয়া: জর্ডানের বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর, আর্জেন্টিনার বিপক্ষে ২-০ ব্যবধানে হেরে যায় ইউরোপের দলটি। আলজেরিয়ার সমান ৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে আছে তারা।
আসছে ম্যাচে হার এড়ালেই গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠবে অস্ট্রিয়া।

আর ম্যাচটি হেরে গেলে গ্রুপের তিন নম্বর হয়ে সেরা আট তৃতীয় দলের একটি হওয়ার আশায় থাকতে হবে তাদেরকে। তবে কোনোভাবেই এক গোলের চেয়ে বড় ব্যবধানে হারা যাবে না।
আলজেরিয়া: আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর, জর্ডানকে ২-১ গোলে হারায় আলজেরিয়া। অস্ট্রিয়ার সমান ৩ পয়েন্ট নিয়ে, গোল ব্যবধানে পিছিয়ে তিনে আছে তারা।
গ্রুপ রানার্সআপ হয়ে শেষ বত্রিশের টিকেট নিশ্চিত করতে অস্ট্রিয়ার বিপক্ষে জিততেই হবে আলজেরিয়ার।
ড্র করলে আট তৃতীয় দলের একটি হয়ে শেষ বত্রিশে যাবে তারা। হেরে গেলে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে।
জর্ডান: প্রথম দুই রাউন্ডে হেরে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে এশিয়ার দলটির।