Published : 15 Jul 2026, 12:25 PM
আসরে জুড়ে দাপুটে ফুটবল খেলা ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠে স্বাভাবিকভাবেই ভীষণ খুশি স্পেনের সবাই। লম্বা সময় পর দলকে শিরোপার মঞ্চে তুলতে পেরে স্বস্তি পাচ্ছেন দলটির কোচ লুইস দে লা ফুয়েন্তেও। তবে এখনই তৃপ্তির ঢেকুর তুলতে নারাজ তিনি। আরও একটি ধাপ যে এখনও বাকি।
উত্তর আমেরিকা বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ২০১০ সালে বিশ্ব জয়ের পর প্রথমবার শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে যাচ্ছে তারা।
স্কোরলাইনে অবশ্য ফুটে উঠছে না ম্যাচের আসল চিত্র। এদিন স্পেনের চোখধাঁধানো ছন্দময় ও কৌশলী ফুটবলের সামনে স্রেফ অসহায় ছিল ফরাসিরা। টানা দুই বিশ্বকাপের ফাইনালিস্টদের যেন শ্বাসরোধ করে আটকে রেখেছিল স্প্যানিশরা।
এবার ফ্রান্সকেই শিরোপার সবচেয়ে বড় দাবিদার মনে করা হচ্ছিল। একের পর এক দুর্দান্ত সব পারফরম্যান্সে সেই পথে এগিয়েও যাচ্ছিল তারা। ফরাসিদের থামানোর মতো কেউ নেই, এমন মন্তব্যও করেছিলেন অনেকে। কিন্তু স্পেনের চমৎকার ফুটবলের সামনে দাঁড়াতেই পারেনি অপ্রতিরোধ্য হয়ে ওঠা ফ্রান্স।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের উচ্ছ্বসিত প্রশংসা করে দে লা ফুয়েন্তে বলেছেন, ফাইনালের ওঠার আনন্দে ভেসে যেতে চান না তারা।
“আমরা বিশ্বের সেরা দলগুলোর একটির মুখোমুখি হয়েছি, কিন্তু তারা (ফ্রান্স) খেলেছে বিশ্বের সেরা দলটির বিপক্ষে। এই ধরনের একটি দলকে কাবু করার এটাই সেরা উপায়। ম্যাচের বিভিন্ন মুহূর্ত ও পরিস্থিতি সঠিকভাবে বুঝতে পেরে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারা, স্প্যানিশ খেলোয়াড়দের সবার থেকে আলাদা করে তোলে। আমরা খুশি, তবে এই অর্জনে তৃপ্ত নই।”
২০২২ সালের বিশ্বকাপের পর স্পেন দলের দায়িত্ব নেন দে লা ফুয়েন্তে। এর আগে স্পেনের যুব দলে কাজ করা এই কোচের হাত ধরে সাফল্যের পথে ছুটছে স্প্যানিশরা। তার কোচিংয়ে ২০২৪ সালে রেকর্ড চতুর্থ ইউরো জিতেছে দলটি। এবার ১৬ বছর পর উঠল বিশ্বকাপের ফাইনালে।
নিজেদের দীর্ঘ দিনের পরিকল্পনায় অটল থাকায় সফলতা ধরা দিচ্ছে বলে মনে করছেন দে লা ফুয়েন্তে।
“নিশ্চয়ই আমি স্বস্তি অনুভব করছি। বিশ্বকাপের ফাইনালে ওঠার দায়িত্বটা বিশাল, আর সেই সুযোগ খুব অল্প কয়েকজনেরই ভাগ্যে জোটে এবং সেটা মেনে নিতেই হবে। চার বছর আগে যখন আমরা এই যাত্রা শুরু করেছিলাম, তখন থেকেই নিজেদের দর্শন ও পরিকল্পনার প্রতি অটল ছিলাম, আর সেটাই আমাদের আজ এখানে পৌঁছে দিয়েছে।”
নিউ ইয়র্কে আগামী ২০ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম) শিরোপার লড়াইয়ে ইংল্যান্ড কিংবা আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন।