Published : 25 Jun 2026, 06:46 PM
নানা রোমাঞ্চকর ধাপ পেরিয়ে শেষ হয়েছে গ্রুপ পর্বের দুই রাউন্ডের খেলা। জমে উঠেছে নকআউট পর্বে ওঠার লড়াই। শেষ রাউন্ডের আগে তাই দেখে নেওয়া যাক, কোন দলের কী অবস্থান, তাদের টিকে থাকার সম্ভাবনাই বা কতটা।
গ্রুপ ‘এফ’: শেষ রাউন্ডে একই সময়ে মুখোমুখি হবে জাপান ও সুইডেন এবং তিউনিসিয়া ও নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোর ৫টায় শুরু হবে ম্যাচ দুটি।

নেদারল্যান্ডস: জাপানের সঙ্গে ২-২ ড্রয়ে আসর শুরুর পর, সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দেয় ডাচরা। জাপানের সমান ৪ পয়েন্ট তাদের, দুই দলের গোল ব্যবধান সমান (+৪), বেশি গোল করার হিসেবে এগিয়ে শীর্ষে আছে তারা।
নিজেরা হার এড়ালেই নকআউট পর্বে নিশ্চিত ডাচদের।
অন্য ম্যাচে জাপান হারলে কিংবা ড্র করলে, নিজেরা জিতলেই গ্রুপ সেরা হবে নেদারল্যান্ডস।
জাপান জিতলেও, নিজেদের ম্যাচটি জিতে গ্রুপ সেরা হতে পারে নেদারল্যান্ডস; তবে সেক্ষেত্রে দুই দলের পয়েন্ট সমান হওয়ায় বিবেচনায় আসবে অন্যান্য শর্ত।
তাই জাপানের জয়ের চেয়ে নিজেদের জয়ের ব্যবধান বড় করতে পারলে, গোল ব্যবধানে এগিয়ে থাকবে রোনাল্ড কুমানের দল।
নিজেরা ড্র করলেও গ্রুপ সেরা হতে পারবে নেদারল্যান্ডস, তবে সেক্ষেত্রে অন্য ম্যাচটিও ড্র হতে হবে।
অন্য ম্যাচটি ড্র হলে কিংবা জাপান জিতলে, নিজেরা হারলেও গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠবে নেদারল্যান্ডস।
আবার অন্য ম্যাচে সুইডেন জিতলেও গ্রুপ রানার্সআপ হতে পারে নেদারল্যান্ডস; তবে সেক্ষেত্রে তাদের ও জাপানের পয়েন্ট হবে সমান। তাই জাপানের হারের চেয়ে নিজেদের হারের ব্যবধান কম হলে, গোল ব্যবধানে এগিয়ে থাকবে নেদারর্যান্ডস।
উপরের কোনো শর্ত পূরণ না হলে, গ্রুপের তৃতীয় হয়ে সেরা আট তৃতীয় দলের একটি হয়ে পরের ধাপে যাওয়ার সুযোগ হতে পারে নেদারল্যান্ডসের।
জাপান: নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ ড্রয়ের পর, তিউনিসিয়াকে ৪-০ গোলে হারায় জাপান। ডাচদের সমান ৪ পয়েন্ট তাদের, গোল ব্যবধানও সমান; তবে কম গোল করায় পিছিয়ে দুইয়ে আছে এশিয়ার দলটি।
নিজেরা হার এড়ালেই নকআউট পর্ব নিশ্চিত জাপানের।
অন্য ম্যাচে নেদারল্যান্ডস হারলে কিংবা ড্র করলে, নিজেরা জিতলেই গ্রুপ সেরা হবে জাপান।
এমনকি যদি নেদারল্যান্ডস যদি ড্র করে এবং নিজেরাও ড্র করে, তখন দুই দলের পয়েন্ট হবে সমান ৫, গোল ব্যবধানও থাকবে সমান। তাই বর্তমান অবস্থার মতো হিসেবে আসবে বেশি গোল করা, সেক্ষেত্রে শেষ ম্যাচে তুলনামূলক বেশি গোল করলেই গ্রুপ সেরা হবে জাপান।
নিজেরা হারলেও গ্রুপ রানার্সআপ হওয়ার সুযোগ থাকবে জাপানের, তবে সেক্ষেত্রে অবশ্যই তাদের চেয়ে বেশি গোলের ব্যবধানে হারতে হবে নেদারল্যান্ডসকে।
উপরের কোনো শর্ত পূরণ না হলে, গ্রুপের তৃতীয় হয়ে সেরা আট তৃতীয় দলের একটি হয়ে পরের ধাপে যাওয়ার আশায় থাকতে হবে জাপানকে।
সুইডেন: তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়ে আসর শুরুর পর, নেদারল্যান্ডসের বিপক্ষে একই ব্যবধানে ধরাশায়ী হয় দলটি। ৩ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে।
জাপানের বিপক্ষে জিতলেই শেষ বত্রিশের টিকেট পেয়ে যাবে সুইডেন।
নিজেদের ম্যাচে জিতলে এবং অন্য ম্যাচে নেদারল্যান্ডস পয়েন্ট হারালে গ্রুপ সেরা হবে সুইডেন।
উপরের শর্ত পূরণ না হলে, গ্রুপের তৃতীয় হয়ে সেরা আট তৃতীয় দলের একটি হয়ে পরের ধাপে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে সুইডিশদের।
তিউনিসিয়া: সুইডেনের বিপক্ষে ৫-১ এবং জাপানের বিপক্ষে ৪-০ গোলে হেরে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে আফ্রিকার দলটির।