০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

যেন স্বপ্ন সত‍্যি হচ্ছে মাতেউস কুইয়ার

আসরে এখন পর্যন্ত তিন গোল করা ফরোয়ার্ডের চোখ এখন অনেক উঁচুতে।

যেন স্বপ্ন সত‍্যি হচ্ছে মাতেউস কুইয়ার
ব্রাজিল ফরোয়ার্ড মাতেউস কুইয়া। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2026, 12:37 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

হাইতির বিপক্ষে জোড়া গোলের পর স্কটল‍্যান্ডের বিপক্ষেও জালের দেখা পেয়েছেন মাতেউস কুইয়া। বিশ্ব মঞ্চে আলো ছড়িয়ে যেন স্বপ্ন সত‍্যি হচ্ছে ম‍্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ডের। 

মরক্কোর বিপক্ষে ১-১ ড্র হওয়া প্রথম ম‍্যাচে শুরুর একাদশে ছিলেন না কুইয়া। ইগো জেসুসের জায়গায় দ্বিতীয়ার্ধে বদলি নেমে তেমন কিছু করতে পারেননি তিনি। 

হাইতির বিপক্ষে শুরুর একাদশে ফিরে ঝলক দেখান কুইয়া, জোড়া গোল করে ৩-০ ব‍্যবধানের জয়ে রাখেন বড় অবদান। বৃহস্পতিবার স্কটল‍্যান্ডের বিপক্ষে একই ব‍্যবধানের জয়ে করলেন এক গোল।

আসরে সব মিলিয়ে তিন গোল করলেন কুইয়া। তার চেয়ে বেশিবার জালের দেখা পেয়েছেন কেবল চার জন। 

মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর টানা দুই জয়ে গ্রুপ সেরা হয়ে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ব্রাজিল। ২০০২ সালের পর প্রতি আসরে লাতিন আমেরিকার দেশটি যে আশা নিয়ে খেলে, সেটা এবার পূরণের সম্ভাবনা দেখছেন কুইয়া।  

“এটা যেন স্বপ্ন সত‍্যি হচ্ছে। প্রথম ম‍্যাচ কঠিন ছিল, পরের ম‍্যাচ ভালো ছিল, আর এই যেন আরও ভালো হলো। আমি বিশ্বাস করি, আমরা উন্নতি করছি এবং আমরা লক্ষ‍্য পূরণের জন‍্য আমাদের সবটুকু দেব- সেটা হলো আমাদের ষষ্ঠ শিরোপা।”

বিশ্বকাপের সফলতম দল ব্রাজিল নিজেদের পাঁচ শিরোপার শেষটি জিতেছিল ২০০২ সালে, জাপান-দক্ষিণ কোরিয়া আসরে। এরপর আর ফাইনালে যেতে পারেনি ব্রাজিল।