Published : 26 Jun 2026, 07:45 PM
ফ্রান্স ও নরওয়ে ম্যাচে লড়াইয়ের ভেতরে চলবে আরেক লড়াই। কিলিয়ান এমবাপে বনাম আর্লিং হল্যান্ড। দুজনেই আছেন উত্তর আমেরিকা বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে। তবে, নরওয়ে কোচ স্তল সুলবাকেন বললেন, ব্যক্তিগত অর্জনের প্রতি কোনো মোহ নেই হলান্ডের; সেরা গোলদাতাও হওয়া নিয়েও ভাবছে না এই ফরোয়ার্ড।
‘আই’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টায় মুখোমুখি হবে দুই দল। এরই মধ্যে টানা দুই ম্যাচ জিতে, ৬ করে পয়েন্ট নিয়ে নকআউট পর্বে উঠে গেছে তারা। বস্টনের ম্যাচটি তাই দুই দলের জন্য হয়ে উঠেছে গ্রুপ সেরা হওয়ার লড়াই। এ লড়াই জিততে দুই দলের ভরসা এমবাপে ও হলান্ড।
চলতি আসরে সর্বোচ্চ গোলদাতায় তালিকায়, এ মুহূর্তে শীর্ষে লিওনেল মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড একটি হ্যাটট্রিকসহ গোল করেছেন ৫টি। এমবাপে, হলান্ড ও ব্রাজিলের ভিনিসিউস জুনিয়রের গোল ৪টি করে।
সময়ের সেরা দুই ‘গোলমেশিন’ এবার বস্টনের মুখোমুখি। তবে, সুলবাকেন তুলে ধরেলেন দল অন্তঃপ্রাণ হলান্ডকে, যার কাছে ব্যক্তিগত অর্জনের মূল্য খুবই কম।
“সর্বোচ্চ গোলদাতা হওয়ার দিকে মনোযোগ নেই তার। তার মনোযোগ দলের প্রতি এবং সে একজন দল অন্তঃপ্রাণ খেলোয়াড় এবং সতীর্থরা গোল করলেও খুশি হয়।”
“গোল করার খুনে মানসিকতা তার আছে এবং সে গোল করতে চায়, কিন্তু তার সবচেয়ে বড় শক্তির জায়গাটা হচ্ছে, সবার আগে সে দলকে রাখে।”