২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি সার্বিয়া-ক্যামেরুন

উভয় দলই কাতার বিশ্বকাপ শুরু করেছে হার দিয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2022, 10:01 PM

Updated : 26 Nov 2022, 10:01 PM

নকআউট পর্বে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে ক্যামেরুনের বিপক্ষে জয়ের বিকল্প নেই সার্বিয়ার। অভিন্ন অবস্থায় আফ্রিকান দেশটিও। বৈশ্বিক আসরে দুই দলের প্রথম ম্যাচটি পরিণত হয়েছে বাঁচা-মরার লড়াইয়ে।

দোহার আল জানোব স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচে আগামী সোমবার মুখোমুখি হবে সার্বিয়া-ক্যামেরুন। শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।

বিশ্বকাপে ২৪ বছর আগে সবশেষ নকআউট পর্বে খেলেছিল সার্বিয়া। ক্যামেরুনের অপেক্ষা আরও দীর্ঘ, ৩২ বছরের।

দুই দলের লড়াইয়ের আগে আরও কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো।

* ক্যামেরুন ও সার্বিয়া দুই দলই তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে হার দিয়ে। ক্যামেরুনকে ১-০ গোলে হারায় সুইজারল্যান্ড, আর সার্বিয়াকে ২-০ গোলে হারায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

* সার্বিয়া বিশ্বকাপে তাদের সবশেষ ১১ ম্যাচের মধ্যে ৯টিতেই হেরেছে। বিশ্ব সেরার মঞ্চে তাদের সবশেষ জয় এসেছিল ২০১৮ আসরে। সেবার গ্রুপ পর্বে কোস্টা রিকাকে ১-০ গোলে হারিয়েছিল দলটি।

* ১৯৯০ আসরে কোয়ার্টার-ফাইনালে খেলার পর বিশ্বকাপে আর নকআউট পর্বে জায়গা করে নিতে পারেনি ক্যামেরুন। ২০০২ আসরের পর থেকে বিশ্বকাপে কোনো ম্যাচ জিততে পারেনি আফ্রিকার দেশটি। ২০১০ ও ২০১৪ সালে গ্রুপ পর্বের সব ম্যাচে হেরে বিদায় নেয় তারা। আর ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ের বৈতরণীই পার হতে পারেনি।

* বিশ্বকাপে নিজেদের সবশেষ তিন উপস্থিতির প্রতিবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে সার্বিয়া ২০০৬ (সার্বিয়া ও মন্টেনেগ্রো হিসেবে), ২০১০ ও ২০১৪ সালে।

* ১৯৯৮ বিশ্বকাপের পর শেষ ষোলোয় জায়গা করে নেওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে ক্যামেরুনের বিপক্ষে খেলবে সার্বিয়া। ফ্রান্স বিশ্বকাপে সার্বিয়া প্রতিনিধিত্ব করেছিল যুগোস্লাভিয়া হিসেবে।

* দুই দল এখন পর্যন্ত একবারই লড়েছে একে অন্যের বিপক্ষে। ২০১০ সালের প্রীতি ম্যাচে ৪-৩ গোলে জিতেছিল সার্বিয়া।