'স্রেফ অংশ নিতে নয়, বড় লক্ষ্য নিয়ে এসেছি'
কাতারে অনেকদূর এগিয়ে যেতে চান ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদ্রিচ।
রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার এবার শুরুটা হয়েছে হোঁচট খেয়ে। ড্র করেছে মরক্কোর বিপক্ষে। তবে তাতে আশাহত হওয়ার মতো কিছু দেখছেন না লুকা মদ্রিচ। অভিজ্ঞ এই ক্রোয়াট মিডফিল্ডার বললেন, বড় স্বপ্ন নিয়েই বিশ্ব সেরার মঞ্চে এসেছে তার দল।
'এফ' গ্রুপে থাকা ক্রোয়েশিয়া গত বুধবার তাদের বিশ্বকাপ অভিযান শুরু করে গোলশূন্য ড্র দিয়ে। বৈশ্বিক আসরে সবশেষ ১২ ম্যাচে সেদিন প্রথম গোল করতে ব্যর্থ হয় দলটি।
এই ম্যাচ দিয়ে ক্রোয়েশিয়ার সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে খেলার কীর্তি গড়েন মদ্রিচ (৩৭ বছর ৭৫ দিন)।
বিশ্বকাপ শুরুর আগে ক্রোয়েশিয়ার কোচ-খেলোয়াড়রা দিয়েছিলেন গত মৌসুমের সাফল্যের পুনরাবৃত্তি বা সেটাকে ছাপিয়ে যাওয়ার। কিন্তু শুরুতেই ছন্দপতন। এতে হতাশা থাকলেও আত্মবিশ্বাসে কোনো চোট লাগেনি বলে দাবি মদ্রিচের। আপাতত তার সব মনোযোগ শেষ আটে ওঠা।
“বিশ্বকাপ যত এগিয়ে যাবে, ক্রোয়েশিয়া আরও ভালো করবে। আমরা এখানে কেবল অংশগ্রহণ করতে আসিনি। আমাদের আকাঙ্ক্ষা অনেক বড়, তবে আমাদের ধাপে ধাপে এগিয়ে যেতে হবে।”
“আমি চাই না, আমার কথা সবাই ভুল বুঝুক - দ্বিতীয় রাউন্ডে পৌঁছানোই আমাদের একমাত্র লক্ষ্য নয়, এটি স্রেফ প্রথম ধাপ। আমাদের লক্ষ্য আরও বড়।”
গ্রুপে পরের ম্যাচে আগামী রোববার ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ কানাডা। প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে দারুণ লড়াইয়ের পর ১-০ গোলে হেরে যায় কানাডা।
