২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে একটা শিরোপা তো রোনালদোরও প্রাপ্য

ফাইনাল পর্যন্ত যেতে না পারার আক্ষেপ নিয়েই হয়তো শেষ হবে পর্তুগিজ মহাতারকার পথচলা।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

দোহা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2022, 04:55 PM

Updated : 11 Dec 2022, 04:55 PM

অসংখ্য ব্যক্তিগত অর্জন, ঝুলিতে রেকর্ডের ছড়াছড়ি, শিরোপাও আছে ঢের-তারপরও যেন বড় এক শূন্যতা। বলা হচ্ছে, ক্রিস্তিয়ানো রোনালদোর বর্ণিল ক্যারিয়ারের কথা। রেকর্ডরাঙা ক্যারিয়ারে কাতারেও শুরু আর শেষে গড়লেন নতুন দুটি রেকর্ড। তারপরও শেষটা তার বড্ড মলিন, ফ্যাকাসে। মরক্কোর থাবায় আরও একবার বিশ্বকাপ থেকে খালি হাতে বিদায় নিল পর্তুগাল, একরাশ হতাশা নিয়ে অশ্রুভেজা চোখে মাঠ ছেড়ে গেলেন রোনালদো। 

এই বিদায় তো প্রাপ্য নয় পর্তুগিজ মহাতারকার। সময়ের আরেক সেরা খেলোয়াড় লিওনেল মেসির মতো তো তারও বিশ্ব মঞ্চে একটা শিরোপা প্রাপ্য। কিন্তু রোনালদো একবারও যেতে পারলেন না ফাইনাল পর্যন্ত। 

২০০৬ সালে, নিজের প্রথম আসরে খেলেছিলেন সেমি-ফাইনালে। লুইস ফিগোদের সোনালী প্রজন্মের সঙ্গী হয়েছিলেন সেই সময়ের তরুণ উইঙ্গার রোনালদো। সেটাই বিশ্বকাপে তার সেরা সাফল্য হয়ে আছে। পরের চার আসরে পার হতে পারেননি কোয়ার্টার-ফাইনালের বাধা। 

কাতার আসরই কি রোনালদোর শেষ হয়ে থাকবে? সময়েই হয়তো জবাব মিলবে। সদা আত্মবিশ্বাসী রোনালদো সবসময় বলে আসছেন খেলে যেতে চান আরও অনেক বছর। তবে মনের চাওয়া আর কঠিন বাস্তবতা যে সবসময় এক বিন্দুতে মেলে না। বয়স ৩৮ ছুঁইছুঁই। বাস্তবিক অর্থে আগামী বিশ্বকাপে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে দেখতে পাওয়ার আশা খুবই ক্ষীণ।

খেলায় এরই মধ্যে পড়ে গেছে বয়সের ছাপ। গোলমুখে এখন আর আগের মতো কার্যকর নন। হারিয়েছেন গতি, পায়ের কারিকুরিতে খুব একটা বিভ্রান্তিতে ফেলতে পারছেন না ডিফেন্ডারদের। এই বাস্তবতায়, অনেকেই বিশ্ব সেরার মঞ্চে রোনালদোর শেষ দেখে ফেলেছেন। 

হয়তো রোনালদোর মনেও সেটাই খেলা করছিল। শেষের বাঁশি বাজতেই মুখ ভার হয়ে গেল তার। চোখে ভিড় করল জল। দ্রুত হাঁটা দিলেন টানেলের পথে। কাঁদতে কাঁদতে বিশ্বসেরার মঞ্চ থেকে চলে গেলেন রোনালদো, হয়তো শেষবারের মতো! 

আল থুমামার সবুজ আঙিনায় শনিবার শেষটা তো অন্যরকমও হতে পারতো। যার নামের পাশে আন্তর্জাতিক ফুটবলে ১১৮ গোলের রেকর্ড, এই ম্যাচেই গড়লেন জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সবচেয়ে বেশি গোল, চ্যাম্পিয়ন্স লিগেও সর্বোচ্চ গোলের রেকর্ড, আরও কত শত অর্জন, কীর্তি। হাসি মুখে বিদায় তো তারও প্রাপ্য। 

রক্ষণে পেপে, নুনো মেন্দেস, জোয়াও কানসেলো, মাঝমাঠে ব্রুনো ফের্নান্দেস, বের্নার্দো সিলভা, আর আক্রমণে রাফায়েল লেয়াও, জোয়াও ফেলিক্সদের নিয়ে এবারের পর্তুগাল দলটি ছিল দারুণ সমৃদ্ধ। এর সঙ্গে ছিল রোনালদোর প্রায় দুই দশকের অভিজ্ঞতা। বাজিকরদের হিসেবে তারা ফেভারিট ছিলেন না, তবে পিছিয়ে রাখারও উপায় ছিল না। শেষ ষোলোয় যেভাবে তারা সুইজারল্যান্ডকে ৬-১ গোলে গুঁড়িয়ে দেয়, তাতে পর্তুগালকে নিয়ে আশার প্রদীপ আরও উজ্জ্বল হয়। ওই ম্যাচেই পাদপ্রদীপের আলোয় উঠে আসে গনসালো রামোস নামের নতুন এক শক্তি। 

রোনালদোকে বেঞ্চে রেখে তাকে সুযোগ দেন কোচ, দুর্দান্ত এক হ্যাটট্রিকে কোচের আস্থার প্রমাণ দেন ২১ বছর বয়সী বেনফিকার এই ফরোয়ার্ড। কোয়ার্টার-ফাইনালেও তার ওপর ভরসা রাখে দল। কিন্তু এবার আর নতুন কোনো চমক দেখাতে পারেননি তিনি। 

প্রত্যাশার পাহাড়সমান চাপ নিয়ে মরক্কোর বিপক্ষে রোনালদো নামেন দ্বিতীয়ার্ধে, ৫১তম মিনিটে। চিৎকার করে সতীর্থদের আড়মোড় ভেঙে জেগে ওঠার বার্তা দিতে থাকেন অধিনায়ক। ২০১৬ সালে পর্তুগালকে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা এনে দিয়েছেন, ২০১৯ সালে জিতিয়েছেন নেশন্স লিগ ট্রফি। এবার রোনালদো দারুণ ঝলক নিয়ে আবির্ভূত হবেন আল থুমামা স্টেডিয়ামের আঙিনায়, বিতর্ককে পেছনে ফেলবেন এক ঝটকায়, এমন কত-শত আশা নিয়ে নড়েচড়ে বসে পর্তুগিজ সমর্থকরা। কিন্তু যেদিন হয় না, সেদিন কিছুই হয় না। রোনালদোও তাই বিবর্ণ থাকেন। বাকিরাও হতে পারেন না পর্তুগালের ত্রাতা। 

ফলে মরক্কোর বিপক্ষে ১-০ গোলে হেরে শেষ হয়ে গেল কাতার বিশ্বকাপে পর্তুগালের পথচলা। কখনও সোনার ট্রফিটির চুমু দেওয়ার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল ফুটবলের ইতিহাসের সেরা ফুটবলারদের একজন রোনালদোর।