২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগাল বিশ্বকাপ জিতলে ‘অবশ্যই’ অবসর নেবেন রোনালদো

পর্তুগিজ তারকার পূর্ণ মনোযোগ এখন কাতার বিশ্বকাপের দিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2022, 01:25 PM

Updated : 18 Nov 2022, 01:25 PM

বয়সের কাঁটা ৩৭ পেরিয়েছে গত ফেব্রুয়ারিতে। ফিটনেস যত ভালোই থাকুক না কেন, ক্রিস্তিয়ানো রোনালদোর মাঠের পারফরম্যান্সে আগের ক্ষিপ্রতা এখন আর দেখা যায় না। সঙ্গত কারণে উঠে আসে অবসরের প্রসঙ্গ। এ বিষয়ে নতুন কথা জানালেন পর্তুগিজ তারকা।

পর্তুগালের হয়ে কাতার বিশ্বকাপ জিতে গেলে অবসর নিয়ে দ্বিতীয় কিছু ভাববেন না রোনালদো। টকটিভিতে পিয়ার্স মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে এই ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দিয়েছেন তিনি। 

“হ্যাঁ! অবশ্যই (পর্তুগাল জিতলে) অবসর নেব। শতভাগ নিশ্চিত।” 

২০০৬ সালে নিজের প্রথম বিশ্বকাপে পর্তুগালকে সেমি-ফাইনালে খেলতে দেখেছেন রোনালদো। এরপর গত তিন আসরে দ্বিতীয় রাউন্ডের বাধা পেরোতে পারেনি ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নরা। কাতার বিশ্বকাপে নিজ দলের খুব ভালো সম্ভাবনা দেখছেন পর্তুগিজ অধিনায়ক।

“আমি খুবই আশাবাদী। আমাদের দারুণ একজন কোচ (ফের্নান্দো সান্তোস) রয়েছে। আমাদের খেলোয়াড়দের এই প্রজন্মটা দুর্দান্ত। আমি দারুণ একটি বিশ্বকাপের জন্য সামনের দিকে তাকিয়ে আছি। এটি খুবই কঠিন। তবে সবকিছুই সম্ভব। অবশ্যই আমরা লড়াই করব।” 

বিশ্বকাপের প্রসঙ্গ এক পাশে রাখলে নিজের ফুটবল ক্যারিয়ার ৪০ বছর পর্যন্ত নিতে চান রোনালদো। ভবিষ্যত অনিশ্চিত জেনেও আরও ২-৩ বছর শীর্ষ পর্যায়ের ফুটবল খেলার ইচ্ছা রয়েছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এ তারকার। 

“আমি আরও ২-৩ বছর খেলতে চাই। ৪০ বছর বয়সে শেষ করতে চাই। আমার মতে, ৪০ বছর দারুণ হবে। তবে আমি ভবিষ্যৎ জানি না। কখনও কখনও আপনি নিজের জীবনের একরকম পরিকল্পনা করেন কিন্তু আমি যেটা সবসময় বলি, জীবন বৈচিত্র্যময়। তাই আপনি জানেন না সামনে কী হতে পারে।”