‘স্পেন না হলে মেসি কিংবা সুয়ারেস জিতুক’
লুইস এনরিকের মতে, বিশ্বকাপ জেতা ছাড়া মেসির অবসর হবে অন্যায়।
প্রথম চাওয়া তো অবশ্যই নিজে জেতা। সেটি যদি না হয়, তাহলে কার হাতে শিরোপা দেখতে চান লুইস এনরিকে? খুব বেশি ভাবতে হলো না স্পেন কোচের। এক সময় যাদের কোচিং করিয়েছেন, তাদের মধ্য থেকে বেছে নিলেন দুই জনকে। স্পেন জিততে না পারলে এনরিকে চান শিরোপা জিতুক লিওনেল মেসির আর্জেন্টিনা কিংবা লুইস সুয়ারেসের উরুগুয়ে।
৩৬ বছর ধরে বিশ্বকাপ অধরা হয়ে আছে আর্জেন্টিনার। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সবশেষ শিরোপা জেতে ১৯৮৬ সালে। উরুগুয়ের অপেক্ষা অবশ্য আরও দীর্ঘ দিনের। প্রথম আসরের চ্যাম্পিয়নরা দ্বিতীয় ও শেষ শিরোপা জেতে ১৯৫০ সালে।
উরুগুয়েকে কেউই সেভাবে রাখছে না সম্ভাব্য ফেভারিটের তালিকায়। তবে সেখানে প্রবলভাবেই আছে আর্জেন্টিনা। টানা ৩৬ ম্যাচ অপরাজিত দলটি দীর্ঘ খরা কাটানোর সম্ভাবনা দেখছেন অনেকে।
তবে পারফরম্যান্সের হিসেব নিকেশে যাননি এনরিকে। শুক্রবার ভিডিও স্ট্রিমিং সাইট টুইচে নিজের অভিষেকে নিখাঁদ ভালোবাসার জন্যই শিরোপা দেখতে চাইলেন মেসি কিংবা সুয়ারেসের হাতে।
“যদি আমরা জিততে না পারি, আমি চাইব আর্জেন্টিনা জিতুক। মেসির মানের একজন খেলোয়াড়ের একটি বিশ্বকাপ ছাড়া অবসরে যাওয়া অন্যায় হবে। একই চাওয়া উরুগুয়ের ক্ষেত্রেও, সুয়ারেসের জন্য।”
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনার কোচ ছিলেন এনরিকে। সে সময় খুব কাছ থেকে দেখেছেন মেসি ও সুয়ারেসকে। আগে অনেকবার এই দুই জনের কথা বলেছেন স্প্যানিশ কোচ, বললেন আবারও।
আগামী বুধবার কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ২০১০ আসরের শিরোপাজয়ী স্পেনের এবার বিশ্বকাপে পথচলা।
