রক্ষণে ‘সবার সেরা’ মরক্কোকে নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
দিদিয়ে দেশম মনে করেন, আফ্রিকান দেশটির আক্রমণও বেশ কার্যকর এবং তাদের সমস্যায় ফেলতে পারে।
কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে জমাট রক্ষণ ধরে রেখেছে মরক্কো। সেমি-ফাইনালে আসার পথে মাত্র একবারই তাদের জালে বল জড়িয়েছে। ফাইনালে ওঠার লড়াইয়ে তাই ফ্রান্সের জন্য বড় পরীক্ষা হতে পারে আফ্রিকার দেশটির রক্ষণ দুর্গ ভাঙার চ্যালেঞ্জ। দিদিয়ে দেশমও বিষয়টি নিয়ে সতর্ক। ফরাসি কোচ বললেন, ডিফেন্ডিংয়ের দিক থেকে তাদের এবারের প্রতিপক্ষ সবার সেরা।
গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়া মরক্কো প্রথম ম্যাচ ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর বেলজিয়ামকে হারায় ২-০ গোলে। শেষ ম্যাচে কানাডার বিপক্ষে ২-১ গোলে জেতে তারা। ওই ম্যাচেই দলটির হজম করা একমাত্র গোলটি ছিল আত্নঘাতী।
এরপর শেষ ষোলোয় স্পেনের সঙ্গে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য সমতার পর টাইব্রেকারে জয় পায় মরক্কো। কোয়ার্টার-ফাইনালে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে সেমি-ফাইনালের টিকেট পায় দলটি।
দুর্দান্ত এই পথচলায় সবচেয়ে বেশি প্রশংসিত হচ্ছে মরক্কোর রক্ষণভাগ। পাঁচ ম্যাচে প্রতিপক্ষের দারুণ সব খেলোয়াড়দের কেউই যে তাদের জালে বল পাঠাতে পারেননি। নিজেদের শক্তির জায়গার আরেকটি কঠিন পরীক্ষা তাদের জন্য অপেক্ষা করছে বুধবারের সেমি-ফাইনালে।
তাদের সামনে এবারের বিশ্বকাপে আক্রমণের দিক থেকে সেরা দলগুলোর একটি ফ্রান্স। দেশমের দল এখন পর্যন্ত গোল করেছে ১২টি। দুই ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে (৫ গোল) ও অলিভিয়ে জিরুদ (৪ গোল) আছেন ভালো ছন্দে।
ম্যাচটিকে তাই দেখা হচ্ছে ফ্রান্সের আক্রমণের বিপক্ষে মরক্কোর রক্ষণের লড়াই হিসেবে। এই জায়গায় বিজয়ী দলই হয়তো হাসবে শেষ হাসি।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গত মঙ্গলবার দেশমের কণ্ঠে প্রতিপক্ষের শক্তির জায়গা নিয়ে প্রশংসা ঝরল। ৫৪ বছর বয়সী এই কোচ মনে করেন, রক্ষণে বেশ ভালো দলটির আক্রমণও কার্যকর, যা তাদের সমস্যায় ফেলতে পারে।
“তারা এমন একটি দল যারা দারুণভাবে রক্ষণ সামলেছে। কিন্তু তারা শুধু রক্ষণাত্মকই নয়, তাহলে তারা সেমি-ফাইনালে পৌঁছাতে পারত না। তাদের কিছু আক্রমণাত্মক অস্ত্রও আছে, তবে তা একটি রক্ষণাত্মক ভিতের ওপর নির্ভরশীল, যা খুবই সুসংগঠিত ও কার্যকর।”
“জমাট রক্ষণের পাশাপাশি তাদের আক্রমণেও ভালো শক্তি রয়েছে; তাদের (ইউসেফ) এন-নেসিরি, (হাকিম) জিয়াশ বা (সোফিয়ান) বুফালের মতো আক্রমণের খেলোয়াড় আছে, যারা প্রতিপক্ষের জন্য সমস্যা তৈরি করতে পারে। সেমি-ফাইনালের অন্য যেকোনো বড় দলের মতোই তারা নিজেদের কাজে দক্ষ। রক্ষণে তাদের খুব ভালো করার দক্ষতা আছে, তা নিশ্চিত। তারা অবশ্যই রক্ষণের দিক থেকে সেরা দল।”
