‘মেসির সঙ্গে লাগতে এসো না’
মেক্সিকোকে হারানোর পর মন্তব্যটি করেছেন আর্জেন্টিনার এক সমর্থক।
‘কোথায় মেসি?’-আর্জেন্টিনারকে হারানোর পর গণমাধ্যমের সামনে এভাবেই বলেছিলেন সৌদি আরবের এক সমর্থক। এবার যেন সেটারই উত্তর দিলেন আর্জেন্টাইন সমর্থক হিবা ফাউর। মেক্সিকোর বিপক্ষে জয়ের পর তিনি বললেন, ‘লিওনেল মেসি এখানেই আছেন।’ আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে মন্তব্য করতে সাবধান করে দিলেন তিনি।
বিশ্বকাপ ছাড়া ফুটবলের সব শিরোপা জিতেছেন মেসি। ২০১৪ সালে খুব কাছে গিয়েও গিয়েছিলেন তিনি। কিন্তু ফাইনালে জার্মানির কাছে হেরে সঙ্গী হয়েছিল বিষাদ।
কাতার আসরই হতে পারে শেষ বিশ্বকাপ, আগেই ইঙ্গিত দিয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। স্বাভাবিকভাবেই অর্জনে ভরা ক্যারিয়ারকে পূর্ণতা দিতে চাইবেন তিনি বিশ্ব জয় করে। টুর্নামেন্টের ফেভারিট দলগুলোর একটিও তারা।
৩৬ ম্যাচ অপরাজিত থেকে এবারের বিশ্বকাপ শুরু করে আর্জেন্টিনা। কিন্তু শুরুতেই তারা খায় হোঁচট। শক্তিতে অনেক পিছিয়ে থাকা সৌদি আরবের বিপক্ষে হেরে যায় ২-১ গোলে। ওই ম্যাচের পর সৌদির সমর্থকদের একজন বলেন, ‘কোথায় মেসি? তার দলকে হারিয়েছি।’
ম্যাচটি হেরে খাদের কিনারে চলে যায় আর্জেন্টিনা। মেক্সিকোর বিপক্ষে কোনো ভুল করার সুযোগ ছিল না তাদের। সেটা করেনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। লুসাইল স্টেডিয়ামে প্রায় ৮৯ হাজার দর্শকের সামনে জেতে ২-০ গোলে।
শুরুতে ম্যাচে ধুঁকছিল আর্জেন্টিনা। প্রথমার্ধ তাদের কাটে এলোমেলো ফুটবল খেলে। তাতে ধরা দেয়নি কোনো গোলও। দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নেয় তারা। মেসির হাত ধরেই ম্যাচে আধিপত্য করা শুরু করে আর্জেন্টিনা।
৬৪ মিনিটে জাদুকরী এক মুহূর্ত উপহার দেন তিনি। চকিতে তার নেওয়া শট মেক্সিকোর রক্ষণ ভেদ করে অভিজ্ঞ গোলরক্ষক ওচোয়াকে ফাঁকি দিয়ে জড়ায় জালে। উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়ামে। পরে আরেকটি গোল করে তারা।
জয় উদযাপন করতে করতে রয়টার্সকে মেসির ভক্ত হিবা বলেন, আর্জেন্টাইন ফরোয়ার্ডকে তাতিয়ে দিয়ো না।
“মেসি এখনও এখানে, মেসি আছে, সে কখনও হাল ছাড়বে না। সে পুরো বিশ্বকে দেখাবে, বিশ্বকাপ আমাদের হাতে, আর্জেন্টিনার হাতে। মেসির সঙ্গে লাগতে এসো না। এটা মেসি।”
মেক্সিকোর পারফরম্যান্স নিয়ে হতাশ দলটির সমর্থক এরিক। বললেন, এমন কিছু হবে আগেই জানতেন তিনি।
“আমি ঠিক আছি, কারণ আমি জানতাম মেক্সিকো বাজে খেলবে। মেক্সিকো একটিও ভালো খেলা উপহার দিতে পারেনি। গোলের উদ্দেশে একটিও শট নিতে পারেনি। এটা অবিশ্বাস্য। তারা কোনো সুযোগই তৈরি করতে পারেনি। তারা শুধু রক্ষণ সামলেছে। এর মাঝে মেসি যখন গোল করেছে, তখন কিছুই করার ছিল না।”
এখন পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে সব ম্যাচই হেরেছে মেক্সিকো। এবারের আসরে তারা পোল্যান্ডের বিপক্ষে ড্র করে পেয়েছে এক পয়েন্ট। শেষ ষোলোয় যেতে আগামী বুধবার সৌদি আরবের বিপক্ষে জিততেই হবে মেক্সিকোর।
মেক্সিকোকে হারিয়ে পরের ধাপের যাওয়ার আশা বাঁচিয়ে রাখলেও বিপদ এখনও কাটেনি আর্জেন্টিনার। একই দিন তারা মুখোমুখি হবে পোলিশদের। ওই ম্যাচেও জয়ের জন্য খেলতে হবে মেসিদের।
