যাদের বিশ্বকাপ জেতার সম্ভাবনা বেশি দেখেন ভেঙ্গার
শীর্ষ দলগুলোর ওয়াইড খেলোয়াড়রা বড় ভূমিকা রাখবেন বলে বিশ্বাস সাবেক এই আর্সেনাল কোচের।
কাতার বিশ্বকাপে দলগুলোর গোল করার ধরনে এসেছে বড় পরিবর্তন। ২০১৮ বিশ্বকাপের চেয়ে এবার গ্রুপ পর্বে ৮৩ শতাংশ বেশি গোল হয়েছে ফ্ল্যাঙ্ক দিয়ে ওপেন প্লে আক্রমণ থেকে। ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান আর্সেন ভেঙ্গার মনে করেন, এই বিষয়টি কোন দল শিরোপা জিতবে তা নির্ধারণ করে দিতে পারে।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা প্রথম রাউন্ডের টেকনিক্যাল বিশ্লেষণ নিয়ে গত রোববার কাতারে একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে সাবেক আর্সেনাল কোচ ভেঙ্গার বলেন, দলগুলোকে মাঠের মাঝ বরাবর রক্ষণে বেশি মনোযোগী হতে দেখা গেছে। এতে সুযোগ তৈরি করতে প্রতিপক্ষ বাম বা ডান পাশ দিয়ে আক্রমণে যেতে বাধ্য হয়েছে।
“দলগুলো মাঠের মাঝ অংশ পুরোপুরি ‘ব্লক’ করে রাখে। তাই তারা ফ্ল্যাঙ্কে আরও বেশি করে জায়গা করে দেয়... এর মানে সেরা দলগুলো যাদের কাছে সেরা ওয়াইড খেলোয়াড় আছে, তাদের বিশ্বকাপ জেতার সবচেয়ে ভালো সুযোগ আছে।”
ফিফা টেকনিক্যাল স্টাডি গ্রুপের সদস্য ও সাবেক জার্মানি কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যানও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, প্রতিটি দল রক্ষণ জমাট রাখায় এবার ডি-বক্সের বাইরে থেকে গোলের জন্য শট নেওয়ার সংখ্যা বেড়েছে।
