প্যারিসে পুলিশের সঙ্গে ফ্রান্স ও মরক্কো সমর্থকদের সংঘর্ষ
পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছে ফরাসি পুলিশকে।
বিশ্বকাপে সেমি-ফাইনালে জায়গা করে নেওয়ার আনন্দ উদযাপনে প্যারিসে জড়ো হয়েছিলেন ফ্রান্স ও মরক্কোর ভক্তরা। সেখানে এক পর্যায়ে পুলিশে সঙ্গে মারামারি বেধে যায় তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুড়তে হয় কাঁদানে গ্যাস।
তৃতীয় কোয়ার্টার-ফাইনালে গত শনিবার পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শেষ চারের টিকেট পায় মরক্কো।
এরপর থেকেই ফ্রান্সের বিখ্যাত প্যারিসিয়ান এভিনিউতে স্লোগান দিয়ে, পতাকা নেড়ে ও গাড়ির হর্ন বাজিয়ে উদযাপনে যোগ দেন আফ্রিকার দেশটির হাজারো সমর্থক। ওই সময়ে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
চতুর্থ কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর মরক্কো ভক্তদের সঙ্গে যোগ দেন ফ্রান্সের সমর্থকরাও। এরপর পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
বার্তা সংস্থা রয়টার্সের টিভি ফুটেজে লোকজনকে দোকান ভাঙচুর ও পুলিশের সঙ্গে মারামারি করতে দেখা গেছে। কিছু কিছু জায়গায় আগুনও জ্বলতে দেখা গেছে।
আগামী বুধবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো।
