ফ্রান্সের বিপক্ষে পূর্ণশক্তির দল পাওয়ার সম্ভাবনায় আর্জেন্টিনা
ফাইনালের আগেই ঊরুর চোট থেকে পুরোপুরি সুস্থ হতে পারেন মিডফিল্ডার আনহেল দি মারিয়া।
চোট ও নিষেধাজ্ঞার কারণে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে ছাড়াই ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে হয় আর্জেন্টিনাকে। তবে ফাইনালে হয়তো পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামতে পারবে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
গ্রুপ পর্বে একটি করে হলুদ কার্ড দেখেছিলেন দুই ডিফেন্ডার গনসালো মনতিয়েল ও মার্কোস আকুনিয়া। পরে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে জয়ের ম্যাচে ফের হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পান দুজনই। এজন্য ক্রোয়াটদের বিপক্ষে সেমি-ফাইনালে খেলতে পারেননি তারা।
বিশেষ করে আকুনিয়াকে ফিরে পাওয়া লিওনেল স্কালোনির জন্য বড় স্বস্তির। ক্রোয়েশিয়া ম্যাচের আগে আসরে সবকটি ম্যাচ খেলা এই লেফট-ব্যাক কোচের কৌশলের গুরুত্বপূর্ণ অংশ।
আর্জেন্টিনার জন্য আরও বড় সুখবর হতে পারে মিডফিল্ডার আনহেল দি মারিয়ার ফিটনেস ফিরে পাওয়া। গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে ঊরুতে চোট পান তিনি। ফলে খেলতে পারেনরি শেষ ষোলোয়, কোয়ার্টার-ফাইনালে শেষ দিকে বদলি নেমে খেলেন স্রেফ ৯ মিনিট। আর ক্রোয়েশিয়ার বিপক্ষে বদলি হিসেবেও তাকে নামানো হয়নি। ধারণা করা হচ্ছে ফাইনালের জন্য তিনি পুরোপুরি ফিট থাকবেন।
স্কালোনির এই দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন ৩৪ বছর বয়সী দি মারিয়া। গত বছর কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে তার একমাত্র গোলেই জিতেছিল আর্জেন্টিনা।
২০১৪ বিশ্বকাপেও আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন দি মারিয়া। তবে জার্মানির বিপক্ষে ফাইনালে ১-০ গোলে হারের ম্যাচ চোটের কারণে খেলতে পারেননি তিনি। ৮ বছর পর আরেকটি ফাইনালে আক্ষেপ ঘোচানোর হাতছানি তার সামনে।
আগামী রোববার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স।
