ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেকর্ড পাঁচবারের বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন ব্রাজিলের নতুন কোচ হচ্ছেন মানো মেনেজেস। কার্লোস ডুঙ্গার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেবেন তিনি।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ২০১০ এ ডুঙ্গার অধীনে থাকা ব্রাজিল কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায় নেয়। চাকরি যায় ডুঙ্গার। তখন থেকেই নতুন কোচের সন্ধানে ছিল ব্রাজিলের ফুটবল কনফেডারেশন।
কোচ হওয়ার তালিকায় ছিলেন তিনজন। ২০০২ এ ব্রাজিলকে পঞ্চমবারের মতো শিরোপা জেতানো লুই ফেলিপ স্কোলারি, মার্সি রামালহো এবং মেনেজেস। তবে শুরুতেই স্কোলারি তার অপারগতার কথা জানিয়ে দেন।
এরপর প্রার্থী হিসেবে এগিয়েছিলেন রামালহো। যিনি ব্রাজিলের ঘরোয়া ফুটবলে ফ্লুমিনেজের কোচ। তার সঙ্গে কথা বার্তা অনেকখানি হয়ে গিয়েছিল কনফেডারেশনের সভাপতি রিকার্ডো টেক্সিরার সঙ্গে। শেষ মুহূর্তে রামালহোও সরে দাঁড়ান তার ক্লাব কর্মকর্তাদের আপত্তিতে।
অবশেষে করিন্থিয়ান্সের কোচ মেনেজেসকেই প্রস্তাব দেয় ব্রাজিল ফুটবল কনফেডারেশন। তাতে রাজি হয়েছেন ৪৮ বছর বয়সী এই কোচ।
শনিবার ফুটবল কনফেডারেশন জানায়, সোমবার সাওপাওলোতে সংবাদ মাধ্যমের সামনে ব্রাজিলের নতুন কোচকে পরিচয় করিয়ে দেয়া হবে।
মেনেজেসের অধীনেই ব্রাজিল ২০১৪ সালে নিজেদের দেশে অনুষ্ঠেয় বিশ^কাপ ফুটবলে লড়বে।
ঘরোয়া ফুটবলে মেনেজেস লড়াকু কোচ হিসেবে পরিচিত। সাফল্যও রয়েছে বেশ। তিনি প্রথম প্রচারের আলোতে আসেন ২০০৫ সালে। সেবার তিনি ব্রাজিলের নামী-দামী দল, একসময়ের দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন গ্রেমিওকে দ্বিতীয় বিভাগ থেকে তুলে আনেন। দু'বছর পর তিনি গ্রেমিওকে তোলেন লিবার্তাদোরেস কাপের ফাইনালে।
২০০৮ সালে তিনি যোগ দেন করিন্থিয়ান্সে। একসময়ের এই জনপ্রিয় দলটিও নেমে গিয়েছিল দ্বিতীয় বিভাগে। এই দলটিকেও তিনি তুলে আনেন সিনিয়র ডিভিশনে। পরের বছর জেতে কোপা ডি ব্রাসিল ট্রফি।
এবার কোচ জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে মানো মেনেজেসের জন্য। কোচ হলে প্রথমেই কোপা আমেরিকা নিয়ে ভাবতে হবে তাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনএল/১৮১০ ঘ.
bdnews24