ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সাফল্যের পর কোচ জোয়াকিম লো'র ওপর আস্থা রেখেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। আরো দুই বছর তার হাতেই থাকছে জাতীয় দলের দায়িত্ব।
২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত জাতীয় দলের সঙ্গে চুক্তি করেছেন ৫০ বছর বয়সী জোয়াকিম লো।
বিশ্বকাপে তৃতীয় হয়েছে জার্মানি। অথচ তরুণ খেলোয়াড়দের এই দল সেমিফাইনালে খেলবে, এমনটা আশা করেননি খোদ জার্মানরাও।
কিন্তু তরুণদের কাছ থেকেই সেরা খেলা ঠিকই আদায় করে নিয়েছেন লো। কোচের দায়িত্ব পেয়ে তিনি বলেন, ''এটা সত্যিই খুশির খবর যে আমি আরো দু'বছর জাতীয় দলের সঙ্গে কাজ করবো। দলের খেলোয়াড়দের সঙ্গে আমার বোঝাপড়া বেশ ভালো।''
এদিকে জাতীয় দলের ম্যানেজার অলিভার বিয়েরহফ এবং সহকারী কোচ হানস-ডেইটার ফ্লিকের সঙ্গেও নতুন করে দু'বছরের চুক্তি করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮১২ ঘ.
bdnews24