ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্সেনালের মায়া কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না থিয়েরি অঁরি। যুক্তরাষ্ট্রের মেজর সকার লীগে নিউইয়র্ক বুলস ক্লাবে যোগ দেয়ার পর জানালেন খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর তিনি ফিরতে চান আর্সেনালেই।
ফ্রান্সের হয়ে ১২৩ ম্যাচে সর্বাধিক ৫১ গোল করার রেকর্ড অঁরির। কিন্তু তাকে সবাই চেনে আর্সেনালের তারকা হিসেবেই। কারণ সদ্য আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়া এই ফরাসি খেলোয়াড়ের তারকা খ্যাতি ছড়িয়ে পড়েছিল এই ইংলিশ ক্লাবে থাকার সময়েই।
আর্সেনালের হয়ে দু'টি প্রিমিয়ার লিগের শিরোপা এবং তিনটি এফএ কাপ ট্রফি জিতেছেন অঁরি। আর্সেনালের হয়ে সর্বাধিক ২২৬ গোলের রেকর্ডও তার। এই ক্লাবে আট বছর কাটিয়েছেন তিনি।
নিউইয়র্ক রেড বুলসে আপাতত সাড়ে চার বছরের চুক্তিতে গিয়েছেন ৩২ বছর বয়সী এই তারকা। যার মানে চুক্তির মেয়াদ শেষ হলে অঁরির ফুটবল জীবন শেষ হওয়াটা প্রায় নিশ্চিত।
তারপর তিনি যেতে চান আর্সেনালে। তিনি বলেন, ''অবসর নেয়ার পর আবার আর্সেনালে ফিরতে চাই। কিভাবে সেটি সম্ভব তা অবশ্য জানি না। এখন নিউইয়র্কে এসেছি। এখানেও ট্রফি জেতা আমার লক্ষ্য। চুক্তির মেয়াদ শেষ হলে ভাবতে বসবো কী করব। যাই হোক আর্সেনালে ফিরতে আমি মুখিয়ে আছি। যদি আমাকে পানি বহনের দায়িত্ব দেয়া হয়, তাতেও রাজি।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৮৪০ ঘ.
bdnews24