২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন কোচ নিয়োগে সতর্ক ব্রাজিল

নতুন কোচ নির্বাচনে অনেক বেশি সতর্ক ব্রাজিল ফুটবল ফেডারেশন। নিচ্ছে সময়ও। ২০১৪ বিশ্বকাপ ফুটবলের আয়োজক ব্রাজিল এমন একজনকে কোচ নির্বাচন করতে চায় যিনি চাপ সামলে দলকে এনে দেবেন সেরা সাফল্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 02:41 PM

Updated : 25 Aug 2022, 02:02 PM

সাওপাওলো, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন কোচ নির্বাচনে অনেক বেশি সতর্ক ব্রাজিল ফুটবল ফেডারেশন। নিচ্ছে সময়ও। ২০১৪ বিশ্বকাপ ফুটবলের আয়োজক ব্রাজিল এমন একজনকে কোচ নির্বাচন করতে চায় যিনি চাপ সামলে দলকে এনে দেবেন সেরা সাফল্য। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নেদারল্যান্ডেসের কাছে কোয়ার্টার ফাইনালে অপ্রত্যাশিতভাবে হেরে বিদায় নেয় পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। দলের কোচ কার্লোস ডুঙ্গাকে বরখাস্ত করা হয়। আগামী চার বছরের জন্য কার হাতে দলের দায়িত্ব দেয়া হবে এ বিষয়ে সময় নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। ২০০৬ এর বিশ্বকাপের পর কোচিংয়ে অনভিজ্ঞ ডুঙ্গাকে নিয়োগ দিয়ে ঝুঁকি নিয়েছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবে পরিস্থিতি এখন ভিন্ন। অভিজ্ঞতাই এখন প্রধান যোগ্যতা হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে ১৯৫০ সালে একবারই স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপ জয় করতে পারেনি ব্রাজিল। ফেডারেশনের প্রধান রিকার্ডো টেক্সিরা বলেছেন, "২০১০ সালের হার আমরা মেনে নিয়েছি। কিন্তু ১৯৫০ সালকে পুনরায় আর ফিরিয়ে আনতে চাই না।" ১৯৫০ সালে প্রথমবারের মত দেশের মাটিতে হওয়া বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে গিয়েছিল ব্রাজিল। এরপর আর বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায়নি তারা। এ মাসের শেষের দিকে নতুন কোচের নাম ঘোষণা করতে পারে ব্রাজিল। বিশ্বকাপ জয় করা লুইস ফিলিপ স্কোলারি, সাবেক রিয়াল মাদ্রিদ কোচ ভ্যান্ডার্লি লুক্সেমবার্গো ও মিউরিসি রামালহো এই তিন জনের সম্ভাবনা বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/২০২৫ ঘ.