লন্ডন, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে স্পেন-নেদারল্যান্ডসের ম্যাচের একটি বল নিলামে বিক্রি হয়েছে ৭৪ হাজার ডলারে।
নিলাম থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে নেলসন ম্যান্ডেলার এইচআইভি/এইডস বিরোধী কর্মসূচির সহায়তায়।
ম্যান্ডেলার এইডস বিরোধী কর্মসূচির সাংকেতিক নাম ৪৬৬৬৪। ১৯৬৪ সালে ম্যান্ডেলাকে গ্রেফতার করে রোবেন দ্বীপে নির্বাসনে পাঠানোর পর জেলখানায় তার পরিচয়সূচক নম্বর ছিল ৪৬৬৬৪। শুক্রবার ৪৬৬৬৪ 'র জন্য নিলামে বল বিক্রির কাজ পরিচালনা করে যুক্তরাষ্ট্রের বিখ্যাত অনলাইন নিলাম কোম্পানি 'ইবে'।
জোহানেসবার্গে বিশ্বকাপের ফাইনালে ১-০ গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় স্পেন।
টুর্নামেন্টে ফাইনাল বাদে সব খেলা হয়েছে অ্যাডিডাসের তৈরি জাবুলানি বল দিয়ে। তবে ফাইনাল খেলা হয়েছে বিশেষ ধরণের সোনালি বল দিয়ে, যার নাম 'জো'বুলানি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৯৫০ ঘ.
bdnews24