২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বালাকের দাবী তিনি এখনো অধিনায়ক

মাইকেল বালাক এবং ফিলিপ লামের মধ্যে ভালোই জট বেঁধেছে জার্মান ফুটবল দলের অধিনায়কত্ব নিয়ে। চোটের জন্য বিশ্বকাপ ফুটবলে খেলেননি নিয়মিত অধিনায়ক বালাক। তার জায়গায় বিশ্বকাপে অধিনায়ক ছিলেন লাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 02:15 PM

Updated : 25 Aug 2022, 01:53 PM

লেভারকুসেন , জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাইকেল বালাক এবং ফিলিপ লামের মধ্যে ভালোই জট বেঁধেছে জার্মান ফুটবল দলের অধিনায়কত্ব নিয়ে। চোটের জন্য বিশ্বকাপ ফুটবলে খেলেননি নিয়মিত অধিনায়ক বালাক। তার জায়গায় বিশ্বকাপে অধিনায়ক ছিলেন লাম। বিশ্বকাপ চলার সময়েই লাম বলেছিলেন বালাক দলে ফিরলেও তিনি নেতৃত্ব স্বেচ্ছায় ছাড়বেন না। কিন্তু বালাক এখন জানিয়ে দিয়েছেন লামের হাতে নেতৃত্ব তুলে দেয়ার কোনো ইচ্ছে তার নেই। ৩৩ বছর বয়সী মাঝমাঠের খেলোয়াড় বালাক বলেছেন, ''আমার মনে হয় আমি এখনো জাতীয় দলের অধিনায়ক।" বালাকের কথা, ''ফিলিপের নিজস্ব কোনো চিন্তা-ভাবনা থাকলে ও সেটা কোচকে জানাতে পারে। কোচের সঙ্গেই ওর আলোচনা করা উচিত। কে কোথায় খেলবে আর কে অধিনায়ক হবে, কোচই এ ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারে।'' সংবাদ মাধ্যমে লামের বক্তব্যকে বিতর্কিত বলতেও দ্বিধা করেননি বালাক। তবে বিশ্বকাপে সাফল্যের জন্য লামকে অভিনন্দন জানিয়েছেন বালাক। একই সঙ্গে বিয়ের জন্যও। বিশ্বকাপে জার্মানির বিদায়ের পর পরই বিয়ে করেন লাম। অধিনায়কত্বের বিষয়টি নিয়ে বালাক নিজেও লামের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন। কারণ ব্যাপারটির ইতি টানা দরকার। বালাক তার পুরোনো ক্লাব চেলসি ছেড়ে যোগ দিয়েছেন স্বদেশের বায়ার লেভারকুসেনে। ক্লাবটির সঙ্গে তার দুই বছরের চুক্তি হয়েছে। জানিয়েছেন তার চোট দ্রুত সেরে যাচ্ছে। আসছে বুন্দেসলিগা মৌসুমের শুরু থেকেই খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। বুন্দেসলিগা শুরু হবে আগস্টের শেষ দিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/২০০০ ঘ.