২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন চ্যাম্পিয়ন পেল ফুটবল দুনিয়া

ফুটবল চ্যাম্পিয়নদের তালিকায় যোগ হলো এবার স্পেনের নাম। রোববার সকার সিটি স্টেডিয়ামে ফাইনালে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে স্পেন প্রথমবারের মতো জিতে নেয় বিশ্বকাপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 09:15 PM

Updated : 25 Aug 2022, 01:40 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুটবল চ্যাম্পিয়নদের তালিকায় যোগ হলো এবার স্পেনের নাম। রোববার সকার সিটি স্টেডিয়ামে ফাইনালে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে স্পেন প্রথমবারের মতো জিতে নেয় বিশ্বকাপ। একমাত্র দেশ হিসেবে ব্রাজিলই খেলেছে সব বিশ্বকাপ। সবচেয়ে বেশি পাঁচবার বিশ্বকাপও জিতেছে তারা। ইতালি চারবার। তিনবার জার্মানি। দু'বার করে উরুগুয়ে ও আর্জেন্টিনা। ফ্রান্স এবং ইংল্যান্ড একবার করে বিশ্বকাপ নিয়ে গিয়েছিল ঘরে। ১৯৩০ সালে উরুগুয়ে থেকে যাত্রা শুরু হয় বিশ্বকাপ ফুটবলের। প্রথমবার ট্রফি জেতে স্বাগতিকরা। চার বছর পর শিরোপা জেতে স্বাগতিক ইতালি। ফাইনালে তারা ২-১ গোলে হারায় সাবেক চেকোস্লাভাকিয়াকে। ১৯৩৮ সালের বিশ্বকাপও জেতে ইতালি। ১৯৫০ সালের বিশ্বকাপ আবার ফিরে আসে উরুগুয়ের ঘরে। ১৯৫৮ সালের বিশ্বকাপ দিয়েই বিশ্বকাপ শিরোপা জেতা শুরু ব্রাজিলের। চার বছর পর আবার শিরোপা জেতে তারা। ১৯৬৬ সালে বিশ্বকাপ যায় ইংল্যান্ডের ঘরে। এরপর আবারো ব্রাজিল। ১৯৭০ সালেও জেতে ব্রাজিল। ১৯৭৪ সালে শিরোপা জেতে পশ্চিম জার্মানি। পরেরবার জেতে আর্জেন্টিনা। ১৯৮২ সালে স্পেন বিশ্বকাপ জেতে ইতালি। পশ্চিম জার্মানিকে ফাইনালে হারায় ৩-২ গোলে। ১৯৮৬ সালের বিশ্বকাপ ডিয়েগো ম্যারাডোনার। তার হাত ধরে শিরোপা জেতে আর্জেন্টিনা। চার বছর পর তাদের হাতে আবারো উঠতে পারতো ট্রফি। কিন্তু ফাইনালে পশ্চিম জার্মানির কাছে ম্যারাডোনার দল ০-১ গোলে হেরে যায়। ১৯৯৪ সালে শিরোপা জিতে ব্রাজিল। চার বছর পর স্বাগতিক হওয়ার সুবিধা পুরো মাত্রায় কাজে লাগায় ফ্রান্স। জিনেদিন জিদানের 'ম্যাজিকে' প্রথমবারের মতো ট্রফি জেতে তারা। ২০০২ সালে এশিয়ায় আয়োজিত প্রথম বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে ব্রাজিল। জার্মানিকে হারিয়ে পঞ্চমবারের মতো জিতে নেয় শিরোপা। ২০০৬ সালেও শিরোপা জিততে যাচ্ছিল জিদানের ফ্রান্স। কিন্তু টাইব্রেকারে ৩-৫ গোলে ইতালির কাছে হেরে যায় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/০৩০৮ ঘ.