টোকিও, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক হতে চায় জাপান। আর এই লড়াইয়ে নিজ দেশকে সহযোগিতা করবেন জাপানের আক্রমণভাগের খেলোয়াড় কেইসুকে হোন্ডা।
জাপানকে ২০২২ সালের বিশ্বকাপের আয়োজক করতে হোন্ডার সঙ্গে 'বিড অ্যাম্বাসেডর' হিসেবে কাজ করবেন জাপানের কয়েকজন সাবেক কোচও। এরা হলেন জিকো, ফিলিপ ত্র"সিয়ের ও ইভিচা অসিম।
রাশিয়ার ক্লাব সিএসকেএ মস্কোর খেলোয়াড় হোন্ডা দু'গোল করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে জাপানকে তুলেছিলেন শেষ ষোল'র লড়াইয়ে।
২০০২ সালে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনও করেছিল জাপান।
২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক হতে ইচ্ছুক অন্যান্য দেশ হচ্ছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কাতার ও দক্ষিণ কোরিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/২০৩০ ঘ.
bdnews24