২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফোরলানও নায়ক

সাফল্য আর ব্যর্থতার মাঝে যে চুলচেরা ফারাক তা আবারো প্রমাণ করলেন উরুগুয়ের আক্রমণ-ভাগের খেলোয়াড় ডিয়েগো ফোরলান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 02:51 PM

Updated : 25 Aug 2022, 01:41 PM

পোর্ট এলিজাবেথ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাফল্য আর ব্যর্থতার মাঝে যে চুলচেরা ফারাক তা আবারো প্রমাণ করলেন উরুগুয়ের আক্রমণ-ভাগের খেলোয়াড় ডিয়েগো ফোরলান। বিশ্বকাপ ফুটবলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার মুখোমুখি হয়েছিল জার্মানি-উরুগুয়ে। ম্যাচের ইনজুরি সময়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি-কিক পায় উরুগুয়ে। খেলায় তখন ৩-২ এ এগিয়ে জার্মানি। ফোরলান শট নেন। কিন্তু তার চমৎকার বাঁকানো শট জার্মান গোলরক্ষক হ্যান্সকে পরাস্ত করে বারপোস্টে লেগে প্রতিহত হয়। এরপরই রেফারি খেলা শেষের বাঁশি বাজিয়ে দেন। ফোরলান গোলটি পেলে খেলা গড়াতো অতিরিক্ত সময়ে। সেই সঙ্গে ছয় গোল নিয়ে এই বিশ্বকাপে একক ভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে এগিয়ে যেতেন তিনি। সেটা না হলেও এবারের বিশ্বকাপের অন্যতম নায়ক তিনিও। ফোরলান বলেছেন, "ফ্রি-কিক থেকে সবসময় গোল পাওয়া যায় না। তবে আমরা খুব উত্তেজনাপূর্ণ ম্যাচে ২-৩ গোলে জার্মানির কাছে হেরেছি। গত ৪০ বছরের বিশ্বকাপ ফুটবল ইতিহাসে এটাই উরুগুয়ের সেরা সাফল্য।" এবারের বিশ্বকাপে উরুগুয়ের হয়ে দারুণ খেলেছেন ফোরলান। বলতে গেলে তিনি একাই দলকে সেমিফাইনালে তুলে এনেছেন। কোচ অস্কার তাবারেজও তার এই তারকাকে নিয়ে উচ্ছ্বসিত। বলেছেন, "উরুগুয়ের জন্য ফোরলান খুবই গুরুত্বপূর্ণ। তিনি দলের সেরা খেলোয়াড়। তিনি অনেক কিছুই অর্জন করেছে। তাকে ছাড়া উরুগুয়ের এখন চলে না।' কোচ তাবারেজের আশা ৩১ বছর বয়সী ফোরলান ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপেও খেলতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/২০২৫ ঘ.