২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'ক্লোসা তোমাকে অভিনন্দন'

বিশ্বকাপ ফুটবলের ইতিহাস নতুন করে লিখতে পারলেন না জার্মানির আক্রমণভাগের খেলোয়াড় মিরোস্লাভ ক্লোসা। নিজের নামের পাশে লিখতে পারলেন না সবচেয়ে বেশি গোলের নতুন রেকর্ড। তিনটি বিশ্বকাপে ১৪ গোল করে থেমে গেলেন 'গোল-মেশিন'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 12:42 PM

Updated : 25 Aug 2022, 01:42 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবলের ইতিহাস নতুন করে লিখতে পারলেন না জার্মানির আক্রমণভাগের খেলোয়াড় মিরোস্লাভ ক্লোসা। নিজের নামের পাশে লিখতে পারলেন না সবচেয়ে বেশি গোলের নতুন রেকর্ড। তিনটি বিশ্বকাপে ১৪ গোল করে থেমে গেলেন 'গোল-মেশিন'। তাই এখনো বিশ্বকাপে মোট ১৫ গোল করে সবার ওপরেই থেকে গেলেন ব্রাজিলের রোনালদো। তবে ক্লোসাকে অভিনন্দন জানাতে ভুল করেননি তিনি, ''ক্লোসা তোমাকে অভিনন্দন। বিশ্বকাপে ১৪ গোল অনেক বড় ব্যাপার। এই উচ্চতায় যে কেউ উঠতে পারে না। আমার সত্যিই খুব খারাপ লাগছে, উরুগুয়ের বিপক্ষে শেষ ম্যাচটা ও খেলতে পারেনি বলে। খেললে আমার রেকর্ড হয়েতো আমার থাকতো না।'' আগামীতে তার রেকর্ড কেউ ভেঙে ফেললেও দুঃখ পাবেন না রোনালদো, ''আমি ইতিহাস গড়েছি, এটা ঠিক। আর রেকর্ড করাই হয় রেকর্ড ভাঙার জন্য, এটাই নিয়ম।'' ছয় খেলায় পাঁচ গোল করা ক্লোসা চোটের কারণে শনিবার উরুগুয়ের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলতে পারেননি। খেলায় ৩-২ গোলে জিতে বিশ্বকাপে টানা দ্বিতীয়বারের মতো তৃতীয় হয়েছে জার্মানি। কোচ জোয়াকিম লো জানান, মাঠে নামার জন্য আগ্রহী ছিলেন ক্লোসা। কিন্তু চূড়ান্ত অনুশীলনের পর 'ফিটনেস' পরীক্ষার গণ্ডি পেরুতে পারেননি তিনি। উরুগুয়ের বিপক্ষে তার জায়গায় খেলেন কাকাও। লো বলেছেন, ''খেলতে না পেরে খুবই হতাশ হয়েছেন ক্লোসা। কিন্তু করার কিছুই ছিল না। ৮০ ভাগ 'ফিট' খেলোয়াড়কে মাঠে নামানোর ঝুঁকি আমি নেইনি।'' ৩২ বছর বয়সী ক্লোসা বিশ্বকাপ শেষে জাতীয় দলকে বিদায় জানাতে পারেন বলে জানিয়েছেন। কারণ ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের সময় তার বয়স হবে ৩৬। তাই দক্ষিণ আফ্রিকাই তার শেষ বিশ্বকাপ বলে মনে করছেন তিনি। ২০০২ সালের বিশ্বকাপে ক্লোসা করেছিলেন পাঁচ গোল। পরের বিশ্বকাপেও পাঁচ গোল। এবার দক্ষিণ আফ্রিকায় করেছেন চার গোল। অপরদিকে রোনালদো ১৯৯৮, ২০০২ এবং ২০০৬ বিশ্বকাপে করেছেন মোট ১৫ গোল। বিশ্বকাপে সর্বাধিক গোলদাতার তালিকায় ক্লোসা রয়েছেন যৌথভাবে দ্বিতীয় স্থানে। তার সঙ্গে রয়েছেন জার্মানিরই সাবেক তারকা গার্ড মুলার। তৃতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের জাঁ ফতে। ১৯৫৮ সালে মাত্র একটি বিশ্বকাপেই তিনি করেছিলেন ১৩ গোল। যেটি এখনো একটি বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮২৮ ঘ.