জোহানেসবার্গ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বলা হচ্ছে স্পেনই এখন খেলছে সুন্দর ফুটবল। অনেকেই সেই ব্রাজিলের 'জোগো বেনিতো' খুঁজে পাচ্ছেন ডেভিড ভিয়া, জাভি, ইনিয়েস্তাদের মধ্যে। তাই তো রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে অনেকে এগিয়ে রাখছে স্পেনকে।
কিন্তু সুন্দর ফুটবল নয়, বিশ্বকাপ জেতাই মূল লক্ষ্য ওলন্দাজদের। দলের অন্যতম সেরা তারকা আরিয়েন রোবেন বলছিলেন, ''সব কিছুর আগে আমাদের চাই জয়। দেখুন, সুন্দর ফুটবল খেললাম, অথচ জিততে পারলাম না এর কোন মানে নেই। জেতার জন্য প্রয়োজন হলে 'কুৎসিত' ফুটবল খেলতেও আমরা প্রস্তুত।''
ইতিহাস থেকে শিক্ষা নিয়েই এমন কথা বলছেন রোবেন। ১৯৭৪ ও ১৯৭৮ সালের বিশ্বকাপের ফাইনালে খেলেছে নেদারল্যান্ডস। কোচ রাইনাস মিশেল এবং কিংবদন্তী ইয়োহান ক্রুয়েফের টোটাল ফুটবল সকলের নজর কাড়লেও শিরোপা জিততে পারেননি তারা।
তাই রোববার সকার সিটি স্টেডিয়ামে জয়ের জন্য যেভাবে খেলার প্রয়োজন পড়ে সেভাবেই খেলবে নেদারল্যান্ডস। এবার অবশ্য বাজে নয়, দুর্দান্ত ফুটবল খেলেই ৩২ বছর পর ফাইনালে উঠেছে তারা। দলে রয়েছে এক ঝাঁক তারকা ফুটবলার। যারা মুহূর্তেই বদলে দিতে পারে খেলার চেহারা।
ওয়েসলি স্নেইডার তাদেরই একজন। বিশ্বকাপের গোল্ডেন বুট জেতার দৌড়ে অনেকটা এগিয়ে আছেন তিনি, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে এরই মধ্যে করেছেন পাঁচ গোল। সমান গোল করেছেন অবশ্য স্পেনের ডেভিড ভিয়াও। তার সঙ্গেই সোনার বুটের লড়াই হচ্ছে স্নেইডারের।
অবশ্য চোটে ভুগছেন ২৬ বছর বয়সী আক্রমণভাগের খেলোয়াড় স্নেইডার। যদিও ফাইনালে মাঠে নামতে দেরি সইছে না তার। তিনি বলেন, ''আমি জানি না মাঠে কতোটা ভালো খেলতে পারবো। চোটের ধাক্কা এখনো পুরো সামলে উঠতে পারিনি। তবে মাঠে নামার জন্য মুখিয়ে আছি। এমন সুযোগ জীবনে বারবার আসে না।''
এবারের বিশ্বকাপের একমাত্র অপরাজিত দল নেদারল্যান্ডস। অবশ্য সাম্প্রতিক সময়ে হারতেই ভুলে গেছে তারা। বিশ্বকাপের বাছাই পর্বেও অপরাজিত ছিল ওলন্দাজরা। স্নেইডার বলেন, ''বিশ্বকাপে ছয়টি খেলায় অপরাজিত আছি আমরা। বাছাই পর্বেও হারিনি। তবে বিশ্বকাপ জিততে হলে রোববার জিততেই হবে।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯০৭ ঘ.
bdnews24