ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার বিশ্বকাপের ফাইনালে নিজেদের এগিয়ে রাখছেন না নেদারল্যান্ডসের কোচ বার্ট ফন মারউইক। বরং দল হিসেবে স্পেনকেই কিছুটা এগিয়ে রেখেছেন তিনি।
বৃহস্পতিবার দেয়া এক বক্তব্যে মারউইক বলেন, "স্পেন দলটি এই মুহূর্তে বিশ্বসেরা। তবে রোববার ফাইনালে স্পেনের মুখোমুখি হতে একটুও ভয় পাচ্ছি না আমরা।"
মারউইক আরো বলেন, "সবাই তাদের সেরা বলছে। যদিও এটা আমাদের কাছে কোনো ব্যাপারই না। এটা একটা খেলা যেখানে দু'দলই জয়ের জন্য খেলতে নামে। দু'দলেই জিততে পারে। আর আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। আমরা স্পেনকে সম্মান করি। তবে আমরা তাদের ভয় পাচ্ছি না। যদিও স্পেনের বিপক্ষে খেলা এবং জয় পাওয়া বড় চ্যালেঞ্জ।"
মারউইক মনে করেন ভিসেন্ত দেল বস্কের দল তার দল থেকে সামান্যই এগিয়ে।
এর আগে দু'বার বিশ্বকাপের ফাইনাল খেললেও শিরোপার দেখা পায়নি নেদারল্যান্ডস। আর স্পেন এবারই প্রথম বিশ্বকাপের ফাইনাল খেলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/২০৪৫ ঘ.
bdnews24