২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চায় জার্মানি-উরুগুয়ে

এমন একটা খেলা, যার আগে প্রেরণা খুঁজে পাওয়াই কঠিন। উজ্জীবিত হতে দেহ-মন সাড়া দেয় না। কারণ তার আগের ম্যাচেই বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে। অথচ ফিফার নিয়ম অনুযায়ী তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতেই হবে। শনিবার পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামে বিশ্বকাপ ২০১০ এর সেই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেই মুখোমুখি হচ্ছে জার্মানি এবং উরুগুয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2010, 11:34 AM

Updated : 25 Aug 2022, 01:36 PM

জোহানেসবার্গ, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এমন একটা খেলা, যার আগে প্রেরণা খুঁজে পাওয়াই কঠিন। উজ্জীবিত হতে দেহ-মন সাড়া দেয় না। কারণ তার আগের ম্যাচেই বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে। অথচ ফিফার নিয়ম অনুযায়ী তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতেই হবে। শনিবার পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামে বিশ্বকাপ ২০১০ এর সেই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেই মুখোমুখি হচ্ছে জার্মানি এবং উরুগুয়ে। বিশ্বকাপে চ্যাম্পিয়ন, বড় জোর রানার আপ দলের কথাই ফুটবলভক্তরা মনে রাখে। কিন্তু তৃতীয় কে হল, তার খবর রাখার দরকারই মনে করে না কেউ। তবে জার্মানি এবং উরুগুয়ে, দু'শিবির থেকেই বলা হচ্ছে এ ম্যাচটা তারা খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে। কারণ জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চায় তারা। আর বিশ্বকাপে তৃতীয় হওয়াটাও কম নয়। সেমিফাইনালে নেদারল্যান্ডসের কাছে ৩-২ গোলে হেরেছিল উরুগুয়ে। আর স্পেন ১-০ গোলে হারিয়েছিল জার্মানিকে। তাই হতাশা রয়েছে দু'দলেই। উরুগুয়ের সেরা তারকা ডিয়েগো ফোরলান বলেছেন সে কথাই, ''বিশ্বকাপের এত কাছে এসে বিদায় নেয়াটা সত্যিই হতাশাজনক। অনেক বছর পর আমরা দারুণ একটা সম্ভাবনা জাগিয়েছিলাম। কিন্তু শেষ করতে পারলাম না। তবে যাই হোক এখন শেষ ম্যাচটা জিতে বাড়ি ফিরতে চাই।'' সেমিফাইনালে চোটের কারণে খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছেড়েছিলেন ফোরলান। জার্মানির বিপক্ষে তার খেলা নিয়ে তাই কিছুটা সংশয় থাকছে। তবে জানিয়েছেন, খেলার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবেন। বিশ্বকাপে চার গোল করেছেন ফোরলান। তাই তার সামনেও থাকছে সর্বাধিক গোলদাতা হওয়ার সুযোগ। ঘানার বিপক্ষে বল হাত দিয়ে ঠেকানোয় লাল কার্ড দেখা আক্রমণভাগের খেলোয়াড় লুইস সুয়ারেজ এ ম্যাচে খেলবেন। তিনিও এ ম্যাচে জয়ের জন্য সেরাটা দিতে মুখিয়ে আছেন। আর কোচ অস্কার তাবারেজ বলেছেন উরুগুয়ের জন্য বিশ্বকাপ এখনো শেষ হয়ে যায়নি। ১৯৭০ সালের বিশ্বকাপে উরুগুয়ে হয়েছিল চতুর্থ। এবার তারা তৃতীয় হয়েই দেশে ফিরতে চায়। জার্মান দলেও হতাশার ছায়া। দলের অন্যতম তারকা বাস্টেইন সোয়াইনস্টিগার বলেছেন, '' দলের সকলেই ফাইনালে না উঠতে পেরে হতাশ।'' অধিনায়ক ফিলিপ লাম তো বলেই দিয়েছেন, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলার জন্য তিনি তৈরিই ছিলেন না। আর আক্রমণভাগের সেরা খেলোয়াড় ৩২ বছর বয়সী মিরোস্লাভ ক্লোসা হতাশ কন্ঠে বলেছেন, '' ক্যারিয়ারে বিশ্বকাপ জেতা আর হল না।'' তবে তারপরও অধিনায়ক লাম এবং কোচ জোয়াকিম লো তৃতীয় হয়ে হতাশা কিছুটা দূর করতে চান। লাম বলেছেন, '' চার বছর আগে ২০০৬ এর বিশ্বকাপে পর্তুগালকে ৩-১ গোলে হারিয়ে আমরা তৃতীয় হয়েছিলাম। সমর্থকরা এর জন্য আমাদের অভিন্দন জানিয়েছিল। কাজেই এবারো শেষ ম্যাচটা জিততে চাই।'' অধিনায়কের মতো কোচও বলছেন, '' তৃতীয় স্থানটাও তুচ্ছ নয়। অতএব ম্যাচে আমরা জয়ের জন্যই নামব।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৭১৫ ঘ.