জোহানেসবার্গ, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবলের ইতিহাস মানেই ব্রাজিল, ইতালি, জার্মানি এবং আর্জেন্টিনার সাফল্য গাঁথা। ঘুরে ফিরে তাদের হাতেই ওঠে শিরোপা। সেই ১৯৯৮ সালে বিশ্বকাপ পেয়েছিল নতুন চ্যাম্পিয়ন। ব্রাজিলকে ৩-০ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হয়েছিল জিদানের ফ্রান্স। পরের দুই শিরোপা গেছে ব্রাজিল এবং ইতালির ঘরে।
বর্তমান ও সাবেক চ্যাম্পিয়ন, সব দলই বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে। তাই এক যুগ পর আবারো
ফুটবল বিশ্ব দেখবে নতুন চ্যাম্পিয়ন। জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে রোববার ফাইনালে স্পেন মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। যাদের কেউই আগে বিশ্বকাপের সোনার ট্রফি জেতেনি।
প্রথম সেমিফাইনালে উরুগুয়েকে ৩-২ গোলে হারায় নেদারল্যান্ডস। বুধবার দ্বিতীয় সেমিফাইনালে তিনবারের চ্যাম্পিয়ন জার্মানিকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে স্পেন।
দু'বার ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেনি ওলন্দাজরা। অন্যদিকে এবারই প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলবে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। আসলে বিশ্বকাপে ১৩ বার খেললেও এবারই প্রথম শেষ চারে ওঠেছিল তারা।
প্রথম সুযোগটাই কাজে লাগানোর প্রতীক্ষায় এখন স্প্যানিশরা। অধিনায়ক ইকের ক্যাসিয়াস বলেন, ''শিরোপা জিততে হলে ভালো খেললেই চলে না। সঙ্গে চাই খুনে মানসিকতাও। এ দুটোই এখন আমাদের আছে।''
স্পেনের এই দলটাকে বলা হচ্ছে 'সোনালি প্রজন্ম'। দলে তারকার অভাব নেই। ডেভিড ভিয়া, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি, ইকার ক্যাসিয়াস সবাই আছে দুর্দান্ত ফর্মে।
তাইতো জুয়াড়ি প্রতিষ্ঠান 'বেটইউএস' এর বাজির দরে ফাইনালে এগিয়ে আছে ইউরোপ চ্যাম্পিয়নরা।
অন্যদিকে দু'বার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে খেলেছে নেদারল্যান্ডস। 'টোটাল' ফুটবলের জনক ইয়োহান ক্রুয়েফের যাদুতে ১৯৭৪ ও ১৯৭৮ সালে তারা উঠেছিল ফাইনালে। কিন্তু অধরাই রয়ে যায় শিরোপা। ৩২ বছর পর আবারো ফাইনালে উঠলো নেদারল্যান্ডস।
তাদের দলেও প্রতিভার অভাব নেই।
bdnews24