২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের 'সুন্দর ফুটবল' এখন স্পেনের

প্রথমবারের মতো স্পেন বিশ্বকাপের ফাইনালে ওঠার পর সে দেশের গণমাধ্যমগুলো দলের প্রশংসায় পঞ্চমুখ। নিজেদের দলকে তারা তুলনা করেছে ৭০' এবং ৮০'র দশকের শুরুতে ব্রাজিলের সঙ্গে। যাদের মোহনীয় ফুটবল মন্ত্রমুগ্ধ করে রেখেছিল বিশ্বের অগণিত ফুটবলামোদিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 12:55 PM

Updated : 25 Aug 2022, 01:33 PM

মাদ্রিদ, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথমবারের মতো স্পেন বিশ্বকাপের ফাইনালে ওঠার পর সে দেশের গণমাধ্যমগুলো দলের প্রশংসায় পঞ্চমুখ। নিজেদের দলকে তারা তুলনা করেছে ৭০' এবং ৮০'র দশকের শুরুতে ব্রাজিলের সঙ্গে। যাদের মোহনীয় ফুটবল মন্ত্রমুগ্ধ করে রেখেছিল বিশ্বের অগণিত ফুটবলামোদিকে। স্পেনের পত্রিকা 'এল মুন্ডো' লিখেছে, "১৯৭০ সালে বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের কথা এখনো সবার মুখে মুখে ফেরে। লোকে বলে ওটা ছিল রূপকথার দল। সেই রূপকথাই ২০১০ বিশ্বকাপে ফিরিয়ে আনতে যাচ্ছে স্পেন। এই দলটি বিশ্বকাপ জিতলে সবার মুখে মুখে ফিরবে জাভি, ইনিয়েস্তা, জাভি আলোন্সো, ডেভিড ভিয়া, তোরেস, সার্জিও র‌্যামোস, ক্যাসিয়াসদের নাম। যে সুন্দর ফুটবলের খোঁজে সমর্থকরা মাঠে ভিড় জমায়, সেটি এখন স্পেনই খেলছে।" ক্রীড়া দৈনিক 'মার্কা' মন্তব্য করেছে, 'এই মুহূর্তে বিশ্বের সেরা দলই বিশ্বকাপের ফাইনালে উঠেছে।' তাদের দাবী, 'জার্মানির বিপক্ষেই এখন পর্যন্ত বিশ্বকাপে তাদের সেরা ম্যাচটি খেলেছে স্পেন, যারা খুব ভালোভাবেই জানত কি করতে হবে। আর সেভাবে খেলেই তারুণ্যের শক্তিতে উজ্জীবিত জার্মানদের ধরাশায়ী করেছে তারা।' 'এল পাইস' নামক একটি পত্রিকা লিখেছে, ''ফুটবল যদি শিল্প এবং বীরত্বের মিশেল হয়, তাহলে তার এক নম্বর ধারক এখন স্পেন। অকুতোভয় এবং লড়াকু জার্মানিকে তারা যেভাবে হারিয়েছে তাতেই তাদের ফুটবল মেধা প্রমাণিত। সেরা প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করতে হয়, সেই কৌশল এখন স্পেনের হাতের মুঠোয়। তার সব কৃতিত্বই অবশ্য খেলোয়াড়দের প্রাপ্য।" জার্মানির বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি করা কার্লোস পুওলকে এখন বলা হচ্ছে 'সুপারম্যান'। ছোটখাট পুওল যেভাবে লাফ দিয়ে জার্মান রক্ষণভাগের খেলোয়াড়দের মাথা ছাপিয়ে গোল করেছেন তাতে এখন পুওলকে ডাকা হচ্ছে ফুটবলের 'মাইকেল জর্ডন'। দেশের হয়ে ৮৯ টি ম্যাচে বার্সেলোনার এই রক্ষণ তারকার এটি মাত্র তৃতীয় গোল। জানা গেছে স্পেন চ্যাম্পিয়ন হলে লম্বা চুলের জন্য বিখ্যাত পুওলকে তার মাথা ন্যাড়া করার জন্য চেপে ধরবেন সতীর্থরা। এমনটাই জানিয়েছেন কাপদেভিলা। তবে গোটা স্পেন এখন তাকিয়ে রয়েছে ১১ জুলাইয়ের দিকে। কারণ সেদিনই জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে স্পেন-নেদারল্যান্ডস ফাইনাল। এই সময়ের সেরা দল স্পেন মুখোমুখি হবে এবারের বিশ্বকাপে সব ম্যাচ জয়ী দল নেদারল্যান্ডসের। জিভে জল আনা একটি ম্যাচেরই প্রতিক্ষায় ফুটবল ভক্তরা। কারণ দু'দলেরই রয়েছে পরিচ্ছন্ন এবং ধ্র"পদী ফুটবল খেলার অনন্য ইতিহাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/১৮৩৫ ঘ.