ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেদারল্যান্ডসের আক্রমণভাগের খেলোয়াড় রবিন ফন পার্সির বাড়িতে একটি বড় বাঁধানো ছবি রয়েছে। সেটি আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনার।
ছবিতে দেখা যাচ্ছে, দলের অন্য খেলোয়াড়দের কাঁধে চড়ে বিশ্বকাপ ট্রফি হাতে হাসছেন ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনা। অনেকের মতো পার্সিও সংগ্রহ করে ছবিটি টানিয়ে রেখেছেন তার ঘরে। কারণ ম্যারাডোনা তার আদর্শ, তার অনুপ্রেরণা। স্বপ্ন দেখেন একদিন তিনিও বিশ্বকাপ জিতে ঠিক এ রকমই একটি ছবি তুলবেন। তারপর তা টানিয়ে রাখবেন ম্যারাডোনার সেই ছবির পাশে।
সেই স্বপ্ন পূরণের খুব কাছে পৌঁছে গেছেন পার্সি। উরুগুয়েকে হারিয়ে নেদারল্যান্ডস ৩২ বছর পর আবারো উঠেছে বিশ্বকাপের ফাইনালে। এর আগে টানা দুবার, ১৯৭৪ এবং ১৯৭৮ সালে ফাইনালে উঠেও বিশ্বকাপ ট্রফি সোনার হরিণের মতো অধরাই রয়ে গেছে ওলন্দাজদের কাছে।
২৬ বছর বয়সী পার্সি বলছেন, ''যখন থেকে ফুটবলের প্রেমে পড়েছি, তখন থেকেই দেখে আসছি, অন্য দলগুলো বিশ্বকাপ জিতে ঘরে ফিরছে। এবার আমার সামনে সেই সুযোগ এসেছে। এটি কোনোমতেই হাতছাড়া করতে চাই না। ম্যারাডোনার ছবিটা যখন দেখি তখন মন ভরে যায়। দুর্লভ একটা মুহূর্ত। যদি বিশ্বকাপ জিতি তাহলে ঠিক এরকম একটা ছবি আমি তুলবই। সেটাই হবে আমার জীবনের সেরা প্রাপ্তি।''
পার্সি অবশ্য মানছেন কাজটা খুবই কঠিন। কারণ ক্রুয়েফদের মতো দুনিয়া কাঁপানো ফুটবলাররাও যেটা পারেননি সেটি সম্ভব করতে হলে সামর্থ্যরে চেয়ে ভালো খেলতে হবে বলে মনে করছেন তিনি। সেই সঙ্গে সামাল দিতে হবে চাপও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯২০ ঘ.
bdnews24