জোহানেসবার্গ, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবলের শুরুর মতো শেষটাও স্মরণীয় করে রাখতে চায় দক্ষিণ আফ্রিকা। আর সে জন্যই ১১ জুলাই জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে মনমাতানো সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছে স্বাগতিকরা।
বিশ্বকাপের সাংগঠনিক কমিটির মুখপাত্র জার্মেইন ক্রেইগ বলেন, উদ্বোধনী অনুষ্ঠানের চেয়ে আরো বেশি নজরকাড়া এবং আকর্ষণীয় হবে সমাপনী অনুষ্ঠান। এতে তুলে ধরা হবে আফ্রিকার ইতিহাস ও ঐতিহ্য। সঙ্গে থাকবে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে চোখ ঝলসানো অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনী অনুষ্ঠানেও গান গাইবেন কলম্বিয়ার গায়িকা শাকিরা। থাকবে লেজার রশ্মির চোখ ধাঁধানো শো, আতশবাজির খেলা। সমাপনী অনুষ্ঠান শুরু হবে ফাইনাল খেলার দু'ঘন্টা আগে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯০০ ঘ.
bdnews24