জোহানেসবার্গ, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে বুধবারের সেমিফাইনাল পর্যন্ত মাঠে উপস্থিত মোট দর্শক সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে যাবে। এর আগে বিশ্বকাপের ইতিহাসে দর্শক সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছিল কেবল দু'বার, ১৯৯৪ সালের যুক্তরাস্ট্র ও ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, এ পর্যন্ত ৬১ খেলায় মোট ২৯ লাখ ৯৭ হাজার দর্শক মাঠে এসে খেলা দেখেছে। অর্থাৎ গড়ে প্রতিটি খেলা দেখেছে ৪৯,১৩৪ জন।
১৬ বছর আগে যুক্তরাস্ট্র বিশ্বকাপে সবচেয়ে বেশি ৩০ লাখ ৫৯ হাজার দর্শক মাঠে এসেছিল। আর জার্মানিতে গত বিশ্বকাপে ৩০ লাখ ৩৬ হাজার দর্শক স্টেডিয়ামে বসে খেলা দেখেছেন।
ফিফার মুখপাত্র নিকোলাস মাইনগোট বলেছেন, বিশ্বকাপের ইতিহাসে দক্ষিণ আফ্রিকায় তৃতীয়বারের মতো দর্শক সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে যাবে। একে বড় সফলতা বলে অভিহিত করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৩৯ ঘ.
bdnews24