ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বত্রিশ বছর পর আবারো বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠলেও আনন্দ-উল্লাস করার সময় এখনো আসেনি নেদারল্যান্ডসের ফুটবলারদের। ১৯৭৪ ও ১৯৭৮ সালের স্মৃতি স্বস্তি দিচ্ছে না তাদের। তাই তারা উল্লাসে মেতে উঠতে চায় বিশ্বকাপ জিতে।
ইয়োহান ক্রুয়েফের 'টোটাল ফুটবল' দুনিয়াজুড়ে সাড়া ফেলে দিয়েছিল বটে। কিন্তু দু'বার বিশ্বকাপের ফাইনাল খেলেও ঘরে ফিরতে হয়েছিল খালি হাতে। তাই এবার ফাইনালে ওঠার পরও ফুরফুরে মেজাজে নেই ওলন্দাজরা।
সেমিফাইনালে মঙ্গলবার উরুগুয়েকে ৩-২ গোলে হারানোর পর নেদারল্যান্ডসের কোচ ব্রেট ফন মারউইক বলছিলেন, ''আমরা শুধু ৩২ বছর আগের জায়গায় পৌঁছেছি। কিন্তু অধরাই রয়ে গেছে শিরোপা। রোববার ফাইনালে শিরোপা ঘরে নিয়ে যাওয়ার পরই আমরা আনন্দ-উৎসবে মেতে উঠবো।''
ফাইনালের আগের খেলা নিয়ে ভাবতে মোটেও রাজি নন ওলন্দাজ কোচ। তিনি বলেন ''অতীতে কি ঘটলো তা নিয়ে আমি ভাবি না। সব সময় খেলোয়াড়দের বলে আসছি যে চোখ রাখবে পরের খেলার দিকে। যে ভুল তোমরা করেছো কিংবা যা পেয়েছো তা কেবলই অতীত। এখন আমাদের চোখ ফাইনালের দিকে।''
জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নেদারল্যান্ডস আক্রমনাত্মক ফুটবল খেলবে বলে জানান ৫৮ বছর বয়সী কোচ মারউইক। তার কথায়, ''আমি সব সময়ই আক্রমনাত্মক ফুটবল পছন্দ করি। প্রতিপক্ষ যে দলই হোক, আমরা চাইব বলের নিয়ন্ত্রণ আমাদের পায়েই থাকুক।''
যেভাবে নেদারল্যান্ডস ফাইনালে উঠেছে তাতে খুবই খুশি ওলন্দাজ কোচ, ''অবশ্যই আমি দলের সাফল্যে খুশি। গত দু'বছর ধরে আমরা পরিশ্রম করে যাচ্ছি। এবার তার ফসল ঘরে তোলার সময় এসেছে।"
এরপর জানিয়ে দিলেন আসল কথাটা, "ফাইনাল জিতেই উৎসব করতে চাই আমরা।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮১৫ ঘ.
bdnews24