ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উরুগুয়ের কাছে ঘানার হার মেনে নিতে পারেননি জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। তিনি বলেন, এতে তার মন ভেঙ্গে গেছে।
তবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠায় জাতীয়ভাবে সম্মানিত করা হবে দলের খেলোয়াড়দের। প্রত্যেককে আর্থিক পুরস্কার দেয়া হবে ২০ হাজার ডলার করে। আর 'কোচিং টিমের' সদস্যদের প্রত্যেককে ১০ হাজার ডলার করে দেয়া হবে বলে সরকারী এক কর্মকর্তা জানান।
ঘানার প্রেসিডেন্ট জন ইভান্স আত্তা মিলস দলের প্রশংসা করতে গিয়ে বলেন, "বিশ্বকাপ জেতেননি বটে, কিন্তু আপনারা আপনাদের খেলা দিয়ে শুধু ঘানার পতাকাই সমুন্নত রাখেননি, সম্মানও বয়ে এনেছেন আফ্রিকার জন্য।"
কফি আনান এক চিঠিতে লেখেন, উরুগুয়ের কাছে হেরে যাওয়ায় লাখ লাখ ভক্তের মতো তারও মন ভেঙ্গে গেছে।
কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে প্রায় জিতেই যাচ্ছিল ঘানা। কিন্তু অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে গোল খাওয়া থেকে দলকে বাঁচাতে গিয়ে লুই সুয়ারেজ হাত দিয়ে বল ঠেকান। সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় তাকে। পেনাল্টি পায় ঘানা। শট নেন আসামোয়াহ জিয়ান। কিন্তু গোল করতে পারেননি। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। আর এতে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ঘানা।
সোমবার রাতে দেশে ফিরলে দলের সদস্যদের ঘানার ফুটবল ভক্তরা ফুলের শুভেচ্ছা জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭২৫ ঘ.
bdnews24