বুয়েন্স আয়ার্স, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দল হারলেই ওঠে সমালোচনার ঝড়। সমর্থকদের তোপের মধ্যে পড়েন খেলোয়াড়রা। কখনো কখনো বরখাস্ত হন কোচ। যেমনটি হয়েছেন কার্লোস দুঙ্গা।
কিন্তু আর্জেন্টিনার কোচ ম্যারাডোনার বেলায় ঘটেছে ঠিক তার উল্টো ঘটনা। দেশে ফেরার পর দল ও কোচকে অভিন্দনই জানিয়েছেন সেদেশের ফুটবলভক্তরা। খেলোয়াড়দের খেলা ও কোচের কৌশল নিয়ে কিছুটা সমালোচনা হলেও তা আমলে নেয়ার মতো নয়। এমনকি, আর্জেন্টিনার ফুটবল কর্মকর্তারাও বাদ দিতে চাইছেন না ম্যারাডোনাকে।
বরং আর্জেন্টিনার ফুটবল-পাগল জনগণের মনে শঙ্কা, তাদের ফুটবল-ঈশ্বর স্বেচ্ছায় পদত্যাগ করেন কিনা। তাই সবার দাবি, 'দিয়েগো তুমি যেও না।'
শুধু কি তাই, আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনার স্বয়ং তার বাসভবনে আমন্ত্রণ করেছিলেন কোচ ডিয়েগো ম্যারাডোনা ও তার দলকে। কিন্তু দাওয়াতে যাননি কোচ ও তার দলের কেউই। জার্মানির কাছে ৪-০ গোলে হেরে যাওয়ায় প্রেসিডেন্টের দাওয়াতের অযোগ্যই মনে করেছেন তারা নিজেদের। আসলে 'লজ্জায়' যাননি তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২১২১ ঘ.
bdnews24