২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ মোহাম্মদ আসলামের পূর্বাভাস

আর্জেন্টিনাকে ৪-০ গোলে উড়িয়ে দেয়ার পর জার্মানির আত্মবিশ্বাস এখন আকাশ ছোঁয়া। সর্বশেষ দুই খেলায় তারা ৮ গোল দিয়েছে। ওই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্বকাপে স্পেনের অভিযাত্রা বুধবারই শেষ হয়ে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2010, 03:18 PM

Updated : 25 Aug 2022, 01:23 PM

আর্জেন্টিনাকে ৪-০ গোলে উড়িয়ে দেয়ার পর জার্মানির আত্মবিশ্বাস এখন আকাশ ছোঁয়া। সর্বশেষ দুই খেলায় তারা ৮ গোল দিয়েছে। ওই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্বকাপে স্পেনের অভিযাত্রা বুধবারই শেষ হয়ে যাবে। আমি এই স্পেনের বিপক্ষে সেমিফাইনালে জার্মানিকেই এগিয়ে রাখবো। তবে এটাও ঠিক গত দুই-তিন বছর ধরে স্পেন অসাধারণ ফুটবল খেলছে। খুব একটা বেশি ভুলও তারা করে না। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলছে স্পেন। সেদিক দিয়ে জার্মানি এগিয়ে। এরই মধ্যে তিনটি বিশ্বকাপ জিতেছে ওরা। বরাবরই আক্রমণাত্মক ফুটবলের পাশাপাশি গতির ঝড় তুলছেন লুকাস পোডলস্কিরা। আমার মনে হয়, জার্মানি 'যান্ত্রিক' ফুটবল খেলছে। পুরো দলটাই এক সুতোয় গাঁথা। ওদের আটকাতে হলে যে কোন এক জায়গায় আঘাত করতে হবে। মাঝ-মাঠকে 'টার্গেট' করলেই হবে। স্পেন এটাই দেখিয়েছিল ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে, জার্মানির বিপক্ষে। ভয়ঙ্কর হয়ে উঠতে দেয়নি ওদের। নামের প্রতি সুবিচার করে খেলতে পারছেন না ফার্নান্দো তোরেস। তারপরও স্পেনের প্রথম একাদশে তাকে রাখা উচিত। ওর মতো ফুটবলার যে কোন সময় জ্বলে উঠতে পারে। ডেভিড ভিয়া চার গোল করে 'গোল্ডেন বুট' পাওয়ার দৌড়ে খানিকটা এগিয়ে আছে। এ খেলায় তার ওপর হয়তো নজর রাখবে জার্মানির ফুটবলাররা। ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন জাভি এবং ইনিয়েস্তাও। শুনেছি ৪-৪-২ পদ্ধতি খেলবে স্পেন। কিন্তু জার্মানি ৪-৫-১ পদ্ধতিতে খেলবে। আগের মতোই আক্রমণভাগে সবার ওপরে থাকবেন মিরোস্লাভ ক্লোসা। তবে দুই হলুদ কার্ড দেখে মাঠে থাকতে পারছেন না দলের অন্যতম সেরা তারকা টমাস মুলার। তার অভাবটা চোখে পড়বে, নিঃসন্দেহে। ইতিহাসের পাতায় চোখ রাখছিলাম। জার্মানি এবং স্পেন সর্বশেষ মুখোমুখি হয়েছিল ইউরো ২০০৮ এর ফাইনালে। সেবার জার্মানিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল স্পেন। তাই তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এটি প্রতিশোধ নেয়ার উপযুক্ত সময়। তবে আমি জার্মানিকেই দেখতে পাচ্ছি ফাইনালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২০৫৮ ঘ.