ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আনন্দে ভাসছে জার্মানির সমর্থকরা। বিশ্বকাপে জার্মানির তরুণ খেলোয়াড়রা তাদের কাজটি করে যাচ্ছেন সমর্থকদের মনমতো।
২০০৮ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেনের কাছে হেরে গিয়েছিল জার্মানি। এই তরুণরাই হয়তো সে হারের প্রতিশোধ নেবে।
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ৭ জুলাই স্পেনের মুখোমুখি হবে তারা।
ক্লোসা বলেছেন, "অনেকেই সমালোচনা করছিলেন, নতুন প্রজন্ম থেকে ভালো কোনো ফুটবলার উঠে আসছে না, ভালো ফরওয়ার্ড নেই, মাঝমাঠের জন্য সৃজনশীল খেলোয়াড় নেই-বেশ কয়েক বছর ধরে এসব কথা বলে গলা ফাটাচ্ছিলেন সমালোচকরা। এবার তাদের কথার জবাব দেয়ার সময় এসেছে।"
দু'বছর আগে স্পেনের কাছে হেরে যাওয়া সেই জার্মান দলে ক্লোসাও ছিলেন। তবে মঙ্গলবারের সেমিফাইনাল অন্য রকম হবে বলেই মনে করেন ক্লোসা। এই দলে তরুণরা খেলছে এবং তারা অনেক পরিশ্রমী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৪৯ ঘ.
bdnews24