বুয়েনস আয়ার্স, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিরোপা জিততে বিশ্বকাপে গিয়ে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে আর্জেন্টিনা। স্বপ্নভঙ্গের বেদনায় এখন কাতর আর্জেন্টিনার ফুটবল ভক্তরা। তবে জাতীয় দল দেশে ফেরার পর তারা ডিয়েগো ম্যারাডোনাদের দিয়েছে উষ্ণ অভ্যর্থনা। ঠিক ব্রাজিলের কোচ দুঙ্গার বিপরীত চিত্র।
রোববার বুয়েনস আইরিস বিমানবন্দরের সামনে জড়ো হয়েছিলেন কয়েক হাজার ফুটবলপ্রেমী। জাতীয় দলের নীল-সাদা জার্সি পড়ে ভক্তরা চিৎকার করে বলছিলেন, ''আর্জেন্টিনা এবং ''ডিয়েগো.. ডিয়েগো..।''
যদিও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়ায় লিওনেল মেসিদের দেখা পায়নি ভক্তরা। বিমানবন্দর পেরিয়ে যে মহাসড়ক দিয়ে ফুটবলারদের গাড়ি গেছে সেই সড়কেও নেয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।
তাতে অবশ্য হতাশ হয়নি ভক্তরা। জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ০-৪ গোলে হারের ধাক্কা সামলে উঠে এক ভক্ত বলছিলেন ''আমরা খুশি। ডিয়েগোকে (ম্যারাডোনা) বলবো তুমি যেও না। আমরা তোমার সঙ্গে আছি।''
বিমানবন্দরে অপেক্ষমাণ আর্জেন্টিনার আরেক ফুটবলপ্রেমী বলেন, ''১৪০০ কিলোমিটার দূর থেকে টোকোমান থেকে আমি এসেছি ডিয়েগোকে দেখতে। আমি মৃত্যুর আগ পর্যন্ত ওকে ভালোবেসে যাবো।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮১৫ ঘ.
bdnews24