ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিলের বিপক্ষে চোট পেয়েছিলেন নেদারল্যান্ডসের রবিন ভ্যান পার্সি। তবে বিশ্বকাপের সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার মতো সুস্থ হয়ে উঠেছেন তিনি।
কিন্তু চিন্তায় আছে উরুগুয়ে। নিষেধাজ্ঞার কবলে পড়ে দলের মূল দুই খেলোয়াড় মাঠে নামতে পারছেন না। এ অবস্থায় অধিনায়ক দিয়েগো লুগানোর প্রয়োজন তীব্রভাবে অনুভব করছে উরুগুয়ে। অথচ চোট পেয়েছেন তিনি।
ওলন্দাজ দলের মুখপাত্র মোনিক কেসেলস জানান, রোববার পার্সির স্ক্যান করা হয়েছে। এতে দেখা যায়, প্রথমে যেমনটা আশঙ্কা করা হয়েছিল তার চোট ততটা গুরুতর নয়। এছাড়া রক্ষণভাগের খেলোয়াড় জোরিস ম্যাথিজসেনও মাঠে নামতে পারবেন বলে তিনি জানান।
এদিকে ঘানার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলায় চোট পান লুগানো। তবে রোববার অনুশীলনের সময় হাল্কা দৌড়-ঝাঁপ করেছেন। এতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি মাঠে নামতে পারেন বলে উরুগুয়ে শিবিরে আশা জেগে উঠেছে।
খেলাটি হবে মঙ্গলবার কেপ টাউনের গ্রিন পয়েন্ট স্টেডিয়ামে, রাত সাড়ে ১২টায়।
রক্ষণভাগের মূল খেলোয়াড় লুগানো বলছেন, "সময় খুব কম। তারপরও আমি দৌড়াতে পারছি।" এতে সন্তোষ প্রকাশ করেন তিনি।
ঘানার বিপক্ষে দু'বার হলুদ কার্ড দেখায় মাঠে নামতে পারছেন না রক্ষণভাগের খেলোয়াড় জর্জ ফুসাইল। এছাড়া লাল কার্ড দেখায় মাঠের বাইরে থাকতে হবে লুই সুয়ারেজকে। তারপরও দেশে তিনি এখন রীতিমতো নায়ক।
১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বকাপ বিজয়ীরা সেমিফাইনালে উঠেছে ৪০ বছর পর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭০৬ ঘ.
bdnews24