ঢাকা, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের আক্রমণভাগের খেলোয়াড় ফার্নান্দো তোরেসকে জার্মানির বিপক্ষে সেমিফাইনালে প্রথম একাদশে নাও রাখা হতে পারে। এরই মধ্যে এ ব্যাপারে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন কোচ ভিসেন্তে দেল বস্কে।
খেলাটি হবে বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়, ডারবানের মোসেস ম্যাভিদা স্টেডিয়ামে। দু'বছর আগে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর এই প্রথম লড়াইয়ে নামতে যাচ্ছে দেশ দু'টি। সেই খেলায় তোরেসেরই গোলে শিরোপা জিতেছিল স্পেন।
এবারের বিশ্বকাপে পাঁচটি খেলায় একটিও গোল করতে পারেননি তোরেস। এমনকি, প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য হুমকিও হয়ে উঠতে পারেননি। গত শনিবারের কোয়ার্টার ফাইনালে তো তাকে খুঁজেই পাওয়া যায়নি। খেলায় প্যারাগুয়েকে ১-০ গোলে হারায় স্পেন। এক বছর আগে কনফেডারেশন কাপের পর থেকে কোনো আন্তর্জাতিক খেলায় তোরেস গোল করতে পারেননি।
দেল বস্কে বলছেন, "তোরেস গোল করতে পারুন আর না পারুন, সেটা কোনো বিষয় নয়। তিনি কঠোর পরিশ্রম করছেন। তার উপর আমাদের পুরো আস্থাও আছে। তার মানে এই নয় যে প্রথম একাদশে তাকে রাখতেই হবে।"
প্যারাগুয়ের বিপক্ষে খেলার ৫৬ মিনিটে তোরেসের বদলে মাঠে নামান তিনি সেসে ফ্যাব্রেগাসকে। শেষের দিকে বদলি খেলোয়াড় হিসেবে পেদ্রো রডরিগুয়েজকেও দেখা যায় মাঠে।
জার্মানির বিপক্ষে প্রথম একাদশে রাখা হতে পারে ফ্যাব্রেগাসকে, মাঝ-মাঠের পাঁচজন খেলোয়াড়ের একজন হিসেবে। সামনে থাকবেন ডেভিড ভিয়া একাই। এবারের বিশ্বকাপে পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৩৫ ঘ.
bdnews24