২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুঙ্গা বরখাস্ত

জানিয়েছিলেন দেশে ফিরেই দ্বায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। কিন্তু ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সেই সুযোগই দিল না তাকে। বরখাস্ত করলো কোচ কার্লোস দুঙ্গাকে। একই সঙ্গে চাকরি হারিয়েছেন তার সব সহকর্মীরাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 11:02 AM

Updated : 25 Aug 2022, 01:21 PM

রিও ডি জেনিরো, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জানিয়েছিলেন দেশে ফিরেই দ্বায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। কিন্তু ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সেই সুযোগই দিল না তাকে। বরখাস্ত করলো কোচ কার্লোস দুঙ্গাকে। একই সঙ্গে চাকরি হারিয়েছেন তার সব সহকর্মীরাও। বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ১-২ গোলে হারের পরই নিশ্চিত হয়ে গিয়েছিল চাকরি হারাচ্ছেন দুঙ্গা। রোববার বাস্তব রূপ নিল সেটাই। সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে "কার্লোস দুঙ্গাকে নিয়ে ২০০৬ সালের আগস্ট মাসে আমরা যে কার্যক্রম শুরু করেছিলাম, বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর সেই কার্যক্রমের সমাপ্তি টানা হচ্ছে।" ২০০৬ সালে ব্রাজিলের কোচ হিসাবে দায়িত্ব নেন ৪৬ বছর বয়সী সাবেক এই ফুটবলার। গত চার বছরে দলকে কম সাফল্যের মুখ দেখাননি তিনি । ব্রাজিলের ১৯৯৪ সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক দুঙ্গার শুরুটাই হয়েছিল সাফল্যের মধ্য দিয়ে। কোচ হিসেবে জেতেন ২০০৭ সালের কোপা আমেরিকা ও ২০০৯ সালের কনফেডারেশন কাপ। তবে কখনোই ব্রাজিলের ফুটবল সমর্থকদের মন জয় করতে পারেননি তিনি। যে দেশটি সুন্দর ফুটবল খেলে বিশ্বের বহু মানুষের মন জয় করেছে, তাদের সেই খেলার ধরণ বদলে ফেলেন দুঙ্গা। জয়ই মুখ্য হয়ে উঠে তার কাছে। জানিয়ে দেন, জেতার জন্য যদি নেতিবাচক ফুটবলও খেলতে হয়, তাই খেলবে ব্রাজিল। সাফল্যের মধ্যে থাকায় দুঙ্গাকে কৌশল নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়নি। তবে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেই পড়েন সমালোচনার মুখে। কারণ রোনালদিনহো, আদ্রিয়ানো আর আলেকজান্ডার পাতোর মতো তারকারা বাদ পড়েন দুঙ্গার দল থেকে। তবে খেলেই সমালোচনার জবাব দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু পারলেন না তিনি। কোয়ার্টার ফাইনালে হোঁচট খেলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পরই দুঙ্গার পরিকল্পনা এলোমেলো হয়ে গেল! অবশ্য নেদারল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর ব্যর্থতার সব দায় নিজের কাঁধে তুলে নিয়ে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছিলেন দুঙ্গা। দেশে ফিরে পদত্যাগের জন্য কয়েকদিন সময়ও চেয়েছিলেন তিনি। কিন্তু সময় দেয়া হলো না তাকে! ব্রাজিলের নতুন কোচের নাম জুলাইয়ের শেষ নাগাদ ঘোষণা করা হবে বলে জানিয়েছে সিবিএফ। সম্ভাব্য কোচের দৌড়ে এগিয়ে আছেন সাবেক ফুটবলার লিওনার্দো এবং জর্জিনহো। লুই ফিলিপে স্কোলারিকেও প্রস্তাব দেয়া হয়। কিন্তু তিনি তা ফিরিয়ে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৬৫৯ ঘ.